বান কি মুনকে ড. ইউনূসের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন (বাঁ থেকে ষষ্ঠ), নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ (ডানে) বিশিষ্ট ব্যক্তিরা l ছবি ইউনুস সেন্টার
জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন (বাঁ থেকে ষষ্ঠ), নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ (ডানে) বিশিষ্ট ব্যক্তিরা l ছবি ইউনুস সেন্টার

জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সফলভাবে গৃহীত হওয়ায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও তাঁর সহকর্মীদের অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার ঢাকায় ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে এমডিজি সমর্থকদের অংশগ্রহণে এসডিজি সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ড. মুহাম্মদ ইউনূস এমডিজি এডভোকেসি গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে অভিনন্দন জানিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা, যা ভবিষ্যতে পৃথিবীকে একটি নতুন রূপ দেবে।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হবে বিশ্বের প্রতিটি পরিবারে দৈনন্দিন জীবন পরিচালনায় এসডিজিকে একটি গৃহস্থালি শব্দে পরিণত করা।’ তিনি উন্নয়নশীল দেশগুলোকে ‘২০৩০ এজেন্ডা’ সফলভাবে বাস্তবায়নে সহায়তা করার জন্য মহাসচিব বান কি মুন ও জাতিসংঘকে অনুরোধ করেন।
এমডিজি সমর্থকদের অংশগ্রহণে এসডিজি সম্মেলনে জাতিসংঘের মহাসচিবকে সহায়তা করেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে ও নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ। জাতিসংঘ মহাসচিব এমডিজি প্রণয়নে ও এর লক্ষ্যসমূহ বাস্তবায়ন করতে বিশ্বের সব দেশের সমর্থন আদায়ে তাঁকে সহায়তা করার জন্য এমডিজির সমর্থকদের ধন্যবাদ জানান। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত রেমন্ড জি চেম্বার্স, অর্থনৈতিক উন্নয়নবিষয়ক বিশেষজ্ঞ জেফ্রি স্যাক্স, ফ্রান্সের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ দুস্ত-ব্লাজি, মার্কিন মিডিয়া মুঘল টেড টার্নারসহ এমডিজির সমর্থকেরা সভায় অংশ নেন।