বান কি মুনের কাছে প্রতিবেদন দিয়েছেন তারানকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অচলাবস্থা কাটানোর লক্ষ্যে সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরের বিষয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন জাতিসংঘের রাজনীতি-বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র এরি কানেকো গত রাতে নিউইয়র্ক থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তারানকো তাঁর বাংলাদেশ সফরের বিষয়ে বান কি মুনকে গত সপ্তাহে ব্রিফ করেছেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই সফরের মূল্যায়নভিত্তিক প্রতিবেদনে কী বলা হয়েছে, জানতে চাইলে এরি কানেকো কোনো মন্তব্য করতে অপারগতা জানান। কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ সফর নিয়ে বান কি মুনের কাছে তারানকোর প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি গত সপ্তাহে ঢাকাকে অবহিত করা হয়েছে।
অসমর্থিত সূত্রে জানা গেছে, তারানকো তাঁর উপস্থিতিতে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দুই দফা সংলাপের বিষয়টি বান কি মুনকে জানিয়েছেন। একই সঙ্গে অন্যদের মতো জাতিসংঘের প্রত্যাশা অনুযায়ী একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিবিদসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে জাতিসংঘের যুক্ত থাকা উচিত বলেও তিনি মত দেন।
বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জাতিসংঘের মহাসচিব তাঁর দূত হিসেবে ৬ ডিসেম্বর তারানকোকে ঢাকায় পাঠান। এ সময় তারানকো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া তিনি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। তাঁর উপস্থিতিতে দুই দলের জ্যেষ্ঠ নেতারা দুই দফায় সংলাপে বসেন। তিনি ঢাকা ছাড়ার পর ১৩ ডিসেম্বর দুই দলের নেতারা তৃতীয় দফা সংলাপে বসেন। তবে এসব সংলাপে রাজনৈতিক অচলাবস্থা কাটেনি।
তারানকো ডিসেম্বরে তৃতীয়বারের মতো ঢাকায় আসেন। এর আগে তিনি গত বছরের ডিসেম্বরে এবং চলতি বছরের মে মাসে ঢাকা সফর করেন।