বানভাসি মানুষ খাবারের কষ্টে

উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানি ঢুকেছে এক মাস পেরিয়ে গেছে। চিলমারী সড়কের মাটিকাটা এলাকায় বাঁশ ও প্লাস্টিক দিয়ে খুপরি তুলে সেখানে আশ্রয় নিয়েছে নুর সেলিমার চার সদস্যের পরিবার। বন্যার পানি বাড়লে আর বৃষ্টি এলে ভয়ে থাকেন নুর সেলিমা। তবে বন্যার চেয়েও এখন তাঁর বড় ভয় খাবার নিয়ে।
এখনো কোনো সরকারি ত্রাণ পাননি জানিয়ে নুর সেলিমা প্রথম আলোকে বলেন, আগের চেয়ে খাওয়া অর্ধেক কমিয়েছেন। খাবার যা জোগাড় হচ্ছে, তা সন্তানদের দিতে গিয়েই শেষে হয়ে যাচ্ছে।
তবে তিস্তাপারের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রাশিদা বেগমের খাবারের জোগানের অবস্থা অবশ্য নুর সেলিমার চেয়ে একটু ভালো। পরিবারের ছয় সদস্যকে নিয়ে ঘরের মাচায় এক মাস ধরে বসবাস করছেন তিনি। ঘরে তাঁর চারটি কন্যাসন্তান। তাদের রেখে কাজে বের হতে পারছেন না তিনি। সরকার থেকে সপ্তাহে ১০ কেজি করে চাল পাচ্ছেন তিনি। কিন্তু তেল-মাছ-লবণ-সবজি নিজেদেরই জোগাড় করতে হচ্ছে। ঋণ করে এসব জোগাড় করছেন জানিয়ে তিনি বলেন, ‘বন্যার চাপ কমলে ঋণ পরিশোধের চাপ বাড়বে। চোখে অন্ধকার দেখছি।’
কেবল উত্তরের এই জনপদের বন্যার্ত মানুষ নয়, দেশের বন্যাকবলিত অন্য এলাকায়ও কমবেশি খাবারের কষ্ট শুরু হয়ে গেছে। বিশেষ করে বন্যা বেশি দিন ধরে আছে এমন জনপদে এই কষ্টটা বেশি।
বন্যাকবলিত এলাকায় সরকার থেকে এ পর্যন্ত ১২ হাজার ৪০০ টন চাল ও শুকনো খাবার এবং নগদ টাকা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এম শওকত আলী প্রথম আলোকে বলেন, বন্যাকবলিত এলাকায় ত্রাণ যেমন দ্রুত পৌঁছানো জরুরি, তেমনি সেখানে বাজারে যাতে খাবার সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে হবে। প্রতিটি এলাকায় প্রয়োজনীয় খাবারের মজুত যাতে থাকে, তাও নিশ্চিত করতে হবে। বন্যার পরপর যাতে কোনো খাবারের সংকট না হয়, সে জন্য প্রয়োজনে বেসরকারি খাতকে দিয়ে খাবার আমদানি বাড়াতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থাগুলো চলমান বন্যার যে চাহিদা সমীক্ষা প্রতিবেদন তৈরি করেছে তাতে দেখা গেছে, বন্যাকবলিত ৮০ শতাংশ মানুষের নিয়মিত খাবার পাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। খাদ্যদ্রব্য থাকলেও ৯৩ শতাংশ মানুষ তা রান্না করতে গিয়ে সমস্যায় পড়ছে। এতে সামগ্রিকভাবে বন্যাকবলিত এলাকাগুলোতে খাদ্যসংকট তৈরি হয়েছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক মাসে রাজধানীর বাজারে চালের দাম আড়াই শতাংশ বেড়েছে। মোটা চাল ৪৩ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ওই যৌথ প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় এক মাসে চালের দাম বেড়েছে ২৩ শতাংশ। এ ছাড়া অন্য নিত্যপণ্যের মধ্যে আলুর দাম ৩৭ ও মুরগির দাম ১৩ শতাংশ বেড়েছে। সবজির দাম ৩৫ ও সয়াবিনের দাম ২৩ শতাংশ বেড়েছে ।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, ৬২ শতাংশ বন্যার্ত মানুষের জন্য খাদ্যসহায়তা প্রয়োজন। তাদের ঘরে থাকা শুকনো খাবারও শেষ হয়ে গেছে। তাই দ্রুত তাদের খাবার না দিলে সেখানে অপুষ্টির সমস্যা বাড়তে পারে।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে পানিবন্দী এসব মানুষের তিন বেলা খাবারের ব্যবস্থা না করলে তারা দ্রুত অপুষ্টিতে পড়বে। আর অপুষ্ট মানুষেরা রোগ-বালাইয়ের শিকার হবে বেশি। বন্যার্ত মানুষকে শুধু চাল দিলেই হবে না, শুকনো খাবার এবং টাকাও দিতে হবে।
প্রতিবেদনটিতে বন্যার্ত মানুষের আরও কিছু সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে গ্রামীণ জনপদের এই মানুষদের বেশির ভাগই নানা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছেন। এঁদের মধ্যে ৮০ শতাংশ মানুষ ঋণের কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। আর ৭৫ শতাংশের পরিবারের প্রয়োজনীয় পুষ্টিকর খাবার কেনার মতো অর্থ নেই।
এ ব্যাপারে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো বন্যাকবলিত এলাকায় খাবারের কোনো সংকট নেই। প্রতিটি এলাকায় আমরা যথেষ্ট পরিমাণে ত্রাণ পৌঁছে দিয়েছি। কোথাও যদি সুনির্দিষ্টভাবে ত্রাণের দরকার হয়, তা-ও দেওয়া হবে। আর বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুনর্বাসনের প্রস্তুতিও রেখেছি।’
বন্যার পানি নেমে যাওয়ার পরপর যাতে বন্যার্ত মানুষ সবজি চাষ করতে পারে, সে ব্যাপারে সহযোগিতা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ওই যৌথ প্রতিবেদনে। একই সঙ্গে তারা যাতে মুরগি ও গবাদিপশুর যত্ন নিতে পারে, সে জন্য উপকরণ ও নগদ সহায়তা পৌঁছে দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে, বন্যায় ৩১ জেলার ৫০ লাখ ৪৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়েছে ১০ লাখ ৪০ হাজার পরিবার।