বানভাসিদের পুনর্বাসনের দাবিতে ভুখা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা ও জলাবদ্ধতার শিকার সাতক্ষীরার সাড়ে পাঁচ লাখ মানুষের পুনর্বাসনের দাবিতে সাতক্ষীরায় কয়েক হাজার মানুষ গতকাল রোববার ভুখা মিছিল ও সমাবেশ করেছে।সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে বানভাসী কয়েক হাজার মানুষ সাতক্ষীরা প্রেসক্লাবসংলগ্ন শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে জড়ো হয়। বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে নাগরিক কমিটির উদ্যোগে বানভাসী লোকজন বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখানে সমাবেশে সাতক্ষীরা নাগরিক কমিটির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিকনেতা হারুন অর রশীদ, আল মাহমুদ, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান, আবদুল ওহাব, আবুল হোসেন প্রমুখ।বক্তারা বলেন, জেলার পাঁচ লাখ মানুষ গৃহহীন ও পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। দিন কাটাচ্ছে অনাহারে-অর্ধাহারে। এলাকায় কোনো কাজ নেই। এ অবস্থায় পাঁচ সপ্তাহ ধরে সরকারিভাবে ত্রাণতৎপরতা বন্ধ করে দেওয়া হয়েছে। জেলায় এক লাখ ৯৭ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও মন্ত্রণালয় থেকে ভিজিএফ কার্ড পাঠানো হয়েছে মাত্র ৫১ হাজার। কার্ডপ্রতি ১০ কেজি চাল দেওয়া হবে এক মাসের জন্য। এক মাস পর ৫১ হাজার পরিবারসহ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই লাখ পরিবার জীবিকা চালাবে কীভাবে?কর্মসূচিতে সাতক্ষীরার বন্যাকবলিত এলাকাকে অবিলম্বে বন্যাদুর্গত এলাকা ঘোষণা, সব নদ-নদীর ইজারা বাতিল, অপরিকল্পিত চিংড়ির চাষ বন্ধ, সড়ক যোগাযোগ পুনঃস্থাপনসহ ১১ দফা দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে ১৪ অক্টোবর সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।