বানভাসিদের বাঁচাতে ১১ দফা দাবি
সাতক্ষীরার বানভাসিদের বাঁচাতে খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলীর মাধ্যমে বানভাসি সংহতি মঞ্চের পক্ষ থেকে ১১ দফা দাবিনামা দিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরের নূরনগর খুলনা পাউবো কার্যালয়ে প্রধান প্রকৌশলীর পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী পরিচালক (প্রশাসন) এ এস এম তৌহিদ আলিম। স্মারকলিপিতে জরুরি পাঁচ দফা ও দীর্ঘমেয়াদি ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। জরুরি দাবির মধ্যে আছে: বানভাসি এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা, জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন, পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা, শিশু সুরক্ষা, ডিপিএম কার্যক্রম বন্ধ। দীর্ঘমেয়াদি দাবির মধ্যে রয়েছে: শাখরা স্লুইসগেট নির্মাণ প্রকল্প বাতিল ও নতুন করে নদী-খালের ওপর স্থাপনা নির্মাণ বন্ধ, ইছামতী নদীর সব স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা ও বেড়িবাঁধ উঁচু করা, নদী-খালের ইজারা বাতিল ও অবৈধ দখলদার উচ্ছেদ, কপোতাক্ষ-বেতনা-শারিখা নদী সমস্যা দ্রুত সমাধান ও খনন, কপোতাক্ষ নদ খননের জন্য বরাদ্দকৃত ২৬১ কোটি টাকার যন্ত্রের পরিবর্তে ঝুড়ি-কোদাল দিয়ে মাটি কাটা ও টিআরএম চালু, অপরিকল্পিত চিংড়ি চাষ বন্ধ।