বানরটি ফিরে গেল বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানের ডাবুয়া ইউনিয়নে ধরা পড়া অতিবিপন্ন লজ্জাবতী বানরটিকে অবশেষে বনে অবমুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় থাকা প্রাণীটিকে গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকার বনে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসেন, রাউজান বন কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।

এক ফুট লম্বা বানরটি সুস্থ অবস্থায় বনে ফিরে গেছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

বন বিভাগের রাউজান উপজেলা বন কর্মকর্তা আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘লজ্জাবতী বানর উদ্ধারের সংবাদ প্রথম আলো পত্রিকার মাধ্যমে জেনে আমরা এটি বনে অবমুক্ত করার উদ্যোগ নিই। বন বিভাগের অনুমতি ছাড়া বন্য প্রাণী রাখার কোনো নিয়ম নেই।’

স্থানীয় লোকজন জানান, গত সোমবার রাতে সুপারিগাছ থেকে কয়েকজন যুবক বানরটি ধরেন। পরে সেটি উপজেলার একটি বেসরকারি চিড়িয়াখানার হেফাজতে রাখা হয়।

উল্লেখ্য, ‘লোকালয়ে বিপন্ন লজ্জাবতী বানর’ শিরোনামে গতকাল বুধবার প্রথম আলোয় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই প্রশাসন উদ্যোগ নিয়ে বিপন্ন প্রাণীটিকে বনে অবমুক্ত করে।