বানরের কামড়ে আহত ৮ পরে পিটিয়ে হত্যা
নড়াইলে লোহাগড়ায় বানরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বানরটিকে কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী। মৃত বানরটিকে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় খেলার মাঠে একটি বাঁশে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশা, রামপুর ও কচুবাড়িয়া এলাকায় বানরটি একেকজনকে কামড়াতে থাকে। গুরুতর আহত রামপুর গ্রামের সেলিম মিস্ত্রি (৫৫) ও কচুবাড়িয়ার সাগর মিয়াকে (৪৫) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতেই নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। আহত বাকা গ্রামের ফুল মিয়া (৬০) ও লক্ষ্মীপাশা গ্রামের ভ্যানচালক মিরাজ ফকিরকে (৫০) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপাশার হালিমা খাতুন (৭০) ও সুকুমার বিশ্বাস (৪০), রাজপুরের জহুর মোল্লা (৫০) ও মশাঘুনির শিশু নীরব (৫) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, কামড়ের দাগ ধারালো ছুরি দিয়ে কাটার মতো। আহত ব্যক্তিদের হাত, পা ও ঘাড়ে কামড়িয়েছে। তাঁদের জলাতঙ্ক প্রতিরোধ টিকা দেওয়াসহ অন্য চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ফুল মিয়া গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘রামপুর গ্রাম এলাকায় ভ্যানে বসে ছিলাম। হঠাৎ করে বানরটি এসে হাত ও পায়ে কামড়াতে থাকে। একপর্যায়ে দৌড়ে চলে যায়।’
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ধারণা করা হচ্ছে, রামপুর গ্রামের নিরিবিলি পার্কের মিনি চিড়িয়াখানা থেকে বানরটি বের হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তবে পার্কের মালিক মফিজুর রহমান বলেন, এটি তাঁর পার্কের নয়।
এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাতটা থেকে কয়েক শ লোক বানরটিকে ধরতে লাঠি, রামদা, সড়কি নিয়ে ধাওয়া করে। বানরটি প্রাণ বাঁচাতে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের পাশে নবগঙ্গা নদীতে গিয়ে কচুরিপানায় আশ্রয় নেয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে সড়কি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে এটিকে মেরে ফেলা হয়। গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখার সময় ওই বিদ্যালয় মাঠে বানরটি একটি বাঁশের সঙ্গে ঝোলানো অবস্থায় ছিল।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা বলেন, ‘বন্য প্রাণী আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চেয়েছিলাম। কিন্তু ক্ষিপ্ত লোকজন বানরটিকে হত্যা করে ফেলেছে।’