বানানোর পথ খোলা, চললেই শুধু বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে একটি কারখানায় বোমা মেশিন বানানোর কাজ চলছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে একটি কারখানায় বোমা মেশিন বানানোর কাজ চলছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

সামনে কিংবা ভেতরে কেউ নেই। পেছনে গিয়ে দেখা গেল কর্মব্যস্ততা। কার্পেট দিয়ে মোড়ানো একটি যন্ত্র স্থাপন করছেন তিনজন। আরও দুজন বিরাটাকার পাইপ পরিষ্কার করছেন।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের এই ওয়ার্কশপের নাম ‘ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’। কার্পেট দিয়ে ঢেকে রাখা ওই যন্ত্রটি হচ্ছে পরিবেশবিধ্বংসী ‘বোমা মেশিন’। শুধু ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নয়, ভোলাগঞ্জ ও জাফলংয়ে ১৮টি ওয়ার্কশপ স্থাপিত হয়েছে। পাথর কোয়ারিতে অভিযান হলেই ওয়ার্কশপগুলোতে ব্যস্ততা বাড়ে।
অবৈধ এ যন্ত্রের ব্যবহার বন্ধে গঠিত টাস্কফোর্স গত ১৪ মাসে বোমা মেশিন বানানোর কাজে নয়, শুধু চালানোর ক্ষেত্রে বাধা দিয়েছে। এতে বোমা মেশিন তৈরির বাণিজ্য বেড়েছে বলে পরিবেশবাদী সংগঠন ও পাথর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাথর কোয়ারিতে মাটির প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর থেকে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করায় পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৯ সালে উচ্চ আদালতে এ-সংক্রান্ত একটি রিট করলে বোমা মেশিন অবৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরকে স্থানীয় উপজেলা প্রশাসনকে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইউএনওর নেতৃত্বে অভিযান চালানো হলেও বোমা মেশিনের ব্যবহার বন্ধ না হওয়ায় ২০১৪ সালের আগস্টে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে প্রতি মাসে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। টাস্কফোর্সের প্রধান জেলা প্রশাসক। গঠনের পর গত ১৪ মাসে ৩৮টি অভিযান পরিচালিত হয়। এতে ২০৩টি বোমা মেশিন ধ্বংস করা হয়।
টাস্কফোর্স-সংশ্লিষ্টরা জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার পাম্পের মাধ্যমে তৈরি হয় ‘বোমা মেশিন’। পাওয়ার পাম্প, পাইপ আলাদা আলাদা কিনে এনে স্থাপন করা হয় পাথর কোয়ারিতে। শুরুর দিকে এসব যন্ত্রাংশ চাহিদা অনুযায়ী চট্রগ্রাম থেকে আমদানি করে এনে কারিগরেরা স্থাপন করে দিত। টাস্কফোর্সের অভিযান নিয়মিত হওয়ার পর ওই সব কারিগরেরা পাথর কোয়ারি এলাকায় নিয়মিত অবস্থান নিতে গিয়ে ওয়ার্কশপের দ্বারস্থ হয়। একপর্যায়ে ওয়ার্কশপগুলো বোমা মেশিন তৈরির সঙ্গে জড়িয়ে পড়ে।
সরেজমিনে ভোলাগঞ্জে ১০টি ও জাফলংয়ে নয়টি ওয়ার্কশপে বোমা মেশিন বানাতে ও মেরামতকাজ করতে দেখা গেছে। এগুলো হচ্ছে: ভোলাগঞ্জ এসএ ইঞ্জিনিয়ারিং, হবিগঞ্জ ইঞ্জিনিয়ারিং, মা ইঞ্জিনিয়ারিং, কুমিল্লা ইঞ্জিনিয়ারিং, তিতাস ইঞ্জিনিয়ারিং, মুরাদনগর ইঞ্জিনিয়ারিং, দিনাজপুর ইঞ্জিনিয়ারিং, সাইফুল ইঞ্জিনিয়ারিং, এসএম ইঞ্জিনিয়ারিং ও ময়মনসিংহ মাস্টার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। জাফলংয়ের বাল্লাঘাট এলাকায় ফারুক ইঞ্জিনিয়ারিং, রহিম ইঞ্জিনিয়ারিং ও মামারবাজার এলাকার আক্তার ইঞ্জিনিয়ারিং, জয়নাল ইঞ্জিনিয়ারিং, খালেদ ইঞ্জিনিয়ারিং , সুমন ইঞ্জিনিয়ারিং, শফিক ইঞ্জিনিয়ারিং, আশিক ইঞ্জিনিয়ারিং ও বাবু ইঞ্জিনিয়ারিং।
এসব ওয়ার্কশপ মালিক ও পরিচালকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁদের অভিন্ন দাবি—তাঁরা পাথর পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পাথর ভাঙার কলের যন্ত্রাংশ মেরামত করেন। বোমা মেশিন বানানোর কাজ তাঁরা করেন না। বোমা মেশিন বানানোর ছবি থাকার কথা জানালে ময়মনসিংহ মাস্টার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আবদুল বারেক বলেন, ‘আসলে বাড়তি হিসেবে মাঝে মাঝে বোমা মেশিনের কিছু যন্ত্রাংশ টুকটাক মেরামত করে দেওয়া হয়।’
বেলা সিলেটের সমন্বয়ক শাহ শাহেদা আক্তার বলেন, ‘মনে হচ্ছে অবৈধ বোমা মেশিন শুধু চালালেই বাধা, বানাতে কিংবা মেরামতে কোনো বাধা নেই। এ ব্যাপারে টাস্কফোর্সকে উদ্যোগী হতে হবে।’
পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, জেলা প্রশাসন থেকে সীমানা চিহ্নিত করে দেওয়ায় বোমা মেশিন বানানোর কাজে লিপ্ত ওই সব ওয়ার্কশপে টাস্কফোর্স অভিযান চালাতে পারছে না।
টাস্কফোর্সের প্রধান সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘টাস্কফোর্স গঠনকালে সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে শুধু পাথর কোয়ারি এলাকায় অভিযান চালানোর নির্দেশনা ছিল। এখন বোমা মেশিনওয়ালারা যদি চালাকি করে, তাহলে আমরাও চালাকি করব।’ পরিবেশ অধিদপ্তরের সঙ্গে বসে টাস্কফোর্সের অভিযান চালানোর সীমানা বর্ধিত করে বোমা মেশিন বানানোর পথও বন্ধ করা হবে বলে জেলা প্রশাসক জানান।