বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি গ্রেপ্তার
বরিশালের বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান চোকদারকে গতকাল বুধবার পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী গোলাম মাহবুব মাস্টারের প্রধান নির্বাচন সমন্বয়কারী।বানারীপাড়া বিএনপি সূত্র জানায়, গতকাল বিকেলে মেয়র পদপ্রার্থী গোলাম মাহবুবের বাসভবনে নির্বাচনী কাজ করার সময় বানারীপাড়া থানার পুলিশ তাঁকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।গোলাম মাহবুব বলেন, ‘নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত জেনে সরকারি দল মিথ্যা মামলা দিয়ে আমার প্রধান নির্বাচন সমন্বয়কারীকে গ্রেপ্তার করিয়েছে। নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার করে ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে।’ বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, এটি নির্বাচনী কোনো বিষয় নয়। খলিলুর রহমানের সঙ্গে মো. জাহাঙ্গীর নামের এক ব্যক্তির আর্থিক লেনদেন ছিল। মো. জাহাঙ্গীর তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।