বানারীপাড়ায় সাংসদকে চেয়ার নিক্ষেপ, সভা পণ্ড
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের সাংসদ মনিরুল ইসলামকে লক্ষ্য করে চেয়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল রোববার বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা চলাকালে ওই ঘটনা ঘটে। এ সময় বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজন আহত হন।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সাংসদ মনিরুল আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন মোল্লা ও সাবেক পাটমন্ত্রী এ কে ফায়জুল হকের ছেলে ফাইয়াজুল হকের নেতৃত্বে ১০-১২ জন সাংসদকে উদ্দেশ করে গালাগাল দিতে থাকেন। একপর্যায়ে সাংসদ মনিরুলের অনুসারীদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে জাকির, ফাইয়াজুল ও তাঁদের পক্ষের লোকজন সাংসদকে লক্ষ্য করে চেয়ার ছুড়তে থাকেন। এ সময় বাধা দিতে গিয়ে চেয়ারের আঘাতে ওসি মো. গোলাম সরোয়ার ও তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। ঘটনার পর সভা পণ্ড হয়ে যায়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি শুভাষ চন্দ্র শীল বলেন, ওই সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মনিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরশেদ আলীর সভাপতিত্বে সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে জাকির হোসেন মোল্লাসহ বেশ কয়েকজন উত্তেজিত হয়ে সাংসদকে গালাগাল দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা সাংসদকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। অভিযোগের ব্যাপারে জাকির মোল্লা বলেন, ‘দলের নেতা-কর্মীদের উপেক্ষা করে সাংসদ নিজের ইচ্ছেমতো কাজ করেন। এ কারণে ক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন।’ সাংসদ মনিরুল ইসলাম বলেন, ‘জাকির মোল্লা ও ফাইয়াজুল হক তাঁদের লোকজন নিয়ে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন।’ তিনি হামলাকারীদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান।ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. গোলাম সরোয়ার বলেন, জাকির হোসেন মোল্লার নেতৃত্বে কিছু লোক সাংসদকে লক্ষ্য করে চেয়ার ছোড়েন। এ সময় বাধা দিতে গিয়ে তিনি ও থানার দুই কনস্টেবল আহত হন।