প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ বছর উপজেলা পর্যায়ে সবচেয়ে খারাপ ফল করেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা। এ বছর সারা দেশে গড় পাসের হার ৯৭ দশমিক ২৬ শতাংশ হলেও বানিয়াচংয়ে এই হার ৭১ দশমিক ৬৮ শতাংশ। এই পাসের হার গত বছরের তুলনায় প্রায় ১৩ ভাগ কম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ হাজার ৯১১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় চার হাজার ৯২৫ জন। উত্তীর্ণ হয় তিন হাজার ৫৩০ জন। পাসের হার ৭১ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। উপজেলার ৫২টি স্কুলের সব শিক্ষার্থী পাস করেছে। শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকেরা বলেন, বানিয়াচংয়ে এবার পাসের হারে ধস নামিয়েছে বেসরকারি সংস্থা পরিচালিত শিখন স্কুল। এ বছর ১২৫টি শিখন স্কুল সমাপনী পরীক্ষায় অংশ নিতে নাম তালিকাভুক্ত করে। এসব স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ছিল দুই হাজার পাঁচজন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক হাজার ২৮০ জন। পাস করেছে মাত্র ৪৬০ জন। পাসের হার ২২ দশমিক ৯৪ শতাংশ। শতভাগ ফেল করেছে ৫৪টি প্রতিষ্ঠান। তবে শতভাগ পাস করেছে ১৪টি প্রতিষ্ঠান। যোগাযোগ করলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, ‘শিখন স্কুলের কারণেই ফলাফল বিপর্যয় হয়েছে বলে মনে হচ্ছে। তার পরও আমরা এটি খতিয়ে দেখছি।’