বানিয়াচংয়ে আ.লীগের ১৭ 'বিদ্রোহী' বহিষ্কৃত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্ষমতাসীন দলের বহিষ্কৃত এই প্রার্থীরা হলেন বানিয়াচং সদর উত্তর-পূর্ব ইউপির খায়রুল বাশার, দক্ষিণ-পূর্ব ইউপিতে মোহাম্মদ আলী, দৌলতপুর ইউপিতে মনজু কুমার দাশ ও তোফায়েল আহমেদ, কাগাপাশা ইউপিতে দেলোয়ার হোসেন ও আবদুল মোত্তালিব, বড়উড়ি ইউপিতে ইয়াওর মিয়া ও ইকবাল আহমেদ চৌধুরী, পুকড়া ইউপিতে নাসির উদ্দিন, মক্রমপুর ইউপিতে আবদুর রউফ, সুজাতপুর ইউপিতে এনাম খান চৌধুরী, মলু মিয়া তালুকদার ও মো. বাছির মিয়া, মন্দরী ইউপিতে ইকবাল হোসেইন ও আবদুল হাকিম এবং মুরাদপুর ইউপিতে শেখ মোস্তাকিম উল হোসেন ও আফরাজুল চৌধুরী।
কাগাপাশা ইউপির প্রার্থী দেলোয়ার হোসেন ও মন্দরী ইউপির ইকবাল হোসেইন প্রথম আলোকে বলেন, দলীয় এই সিদ্ধান্তের বিষয়ে তাঁরা কোনো চিঠি পাননি।
বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান বলেন, দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গ করে দলের মনোনীত প্রার্থীর বিপরীতে প্রার্থী হওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।