বানিয়াচংয়ে ছাত্রলীগের নেতাকে ছুরিকাঘাত ছাত্রদলের সঙ্গে সংঘর্ষ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জনাব আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদকে ছুরিকাঘাত করেছেন ছাত্রদলের এক কর্মী। এর জের ধরে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাঁরা উপজেলা বিএনপির এক নেতাকে বেধড়ক পেটান। গতকাল বুধবার দুপুরে এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।আহতদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ ও ছাত্রলীগের নেতা রাসেল আহমদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কলেজের দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাস চলার সময় ছাত্রদলের কর্মী শাহ আলম ও ছাত্রলীগের কাওছার আহমদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে ক্লাস শেষে ছাত্রলীগের নেতা রাসেল আহমেদকে ছুরিকাঘাত করেন শাহ আলমের সহযোগী মোজ্জামিঞ্চল হোসেন। পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতা-কর্মীরা। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। কলেজ ক্যাম্পাসের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে উপজেলার বিভিন্ন স্থানে। একপর্যায়ে উপজেলা সদরের বড় বাজার এলাকায় বিএনপির নেতা খালেদ আহমদকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।