বানিয়াচংয়ে ডিলারশিপ না পেয়ে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে লাঞ্ছনা
বানিয়াচংয়ে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলারশিপ না পেয়ে ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা অফিস ফাইল থেকে তাঁদের আবেদনের কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন এবং গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে খোলাবাজারে চাল বিক্রির ডিলার নিয়োগ কমিটির সভায় পাঁচজনকে বাছাই করা হয়। নিজেদের নাম বাদ পড়ার বিষয়টি আঁচ করতে পেরে শ্রমিক দলের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন ফারুক ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রকিব ইউএনও অফিসের সামনে থেকে চলে যান এবং খাদ্য নিয়ন্ত্রকের অফিসে গিয়ে ওই কর্মকর্তার ওপর চড়াও হন।এ ব্যাপারে অভিযুক্ত শ্রমিক দল ও ছাত্রদলের নেতার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আপাতত জিডি কিংবা কোনো রকম আইনি পদক্ষেপ নেব না। পরে যদি তাঁরা ঘটনার পুনরাবৃত্তি ঘটান, তবে ব্যবস্থা নেব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিলার বাছাই কমিটির সভাপতি আবু সালেহ মো. ফেরদাউস খান জানান, কমিটি শতভাগ স্বচ্ছতার মাধ্যমে ১৭ জনের মধ্যে পাঁচজনকে মনোনীত করেছে। কারও কোনো অভিযোগ থাকলে কমিটিকে বলতে পারে।