বানিয়াচংয়ে দুই কোটি টাকার কাজ ভাগভাটোয়ারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রায় দুই কোটি টাকার কাজের দরপত্র জমা দিতে পারেননি ঠিকাদারেরা।অভিযোগ রয়েছে, সমঝোতার ভিত্তিতে স্থানীয় আওয়ামী লীগের নেতারা গতকাল সোমবার এই দরপত্র জমা দিয়েছেন। বানিয়াচং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য দুই কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। গতকাল সোমবার ছিল এই দরপত্র জমাদানের শেষ তারিখ।স্থানীয় ঠিকাদারা জানান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মর্তুজা হাসান, একই দলের তজম্মুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি রেহাত মিয়া ও একই সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান খানের নেতৃত্বে কিছুসংখ্যক নেতা-কর্মী স্থানীয় এলজিইডি অফিস সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। এতে স্থানীয় কোনো ঠিকাদার এই দরপত্রে অংশ নিতে পারেননি। ঠিকাদার রাসেল আহমেদ জানান, তিনি দরপত্র নিয়ে জমা দিতে গেলে উল্লিখিত সরকারদলীয় নেতারা তাঁকে বাধা দেন। এতে তিনি দরপত্র জমা না দিয়ে ফিরে আসেন।অপর ঠিকাদার এনামুল হাসান বলেন, সরকারদলীয় লোকজন আগের দিন রাতেই প্রকৌশলীর উপস্থিতিতে এলজিইডি অফিসে সমঝোতা বৈঠক করেন। এই সমঝোতায় সরকারদলীয় ১০ থেকে ১২ জন ঠিকাদার উপস্থিত ছিলেন। অভিযুক্ত উপজেলা যুবলীগের সভাপতি রেহাত মিয়া ও সম্পাদক আসনাদুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মর্তুজা হাসান ও তজম্মুল হক চৌধুরী বলেন, এ ধরনের পরিস্থিতি হয়নি। তাঁরা বিষয়টি ভালো করে তদন্ত করে দেখার দাবি জানান। বানিয়াচং উপজেলা প্রকৌশলী তরুণ ব্যানার্জি বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি।