বানিয়াচংয়ে প্রতিবেশীকে ফাঁসাতে শিশুকে হত্যা!
বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে প্রতিবেশীকে ফাঁসাতে সোহাগ মিয়া নামের সাত বছরের এক শিশুকে তার দূরসম্পর্কের চাচা, চাচি ও দাদি মিলে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই তিনজনসহ চারজনকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গ্রামের একটি খাল থেকে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বানিয়াচং থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে যাত্রাপাশা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সোহাগকে (৭) রোববার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়। দুই দিন পর মঙ্গলবার বাড়ির পাশের পাথারিয়া খালে এলাকাবাসী একটি শিশুর লাশ ভাসতে দেখে। পরিবারের লোকজন লাশটি সোহাগের বলে শনাক্ত করে। লাশের গলা কাটা ছিল। লাশ উদ্ধারের পর পুলিশ সন্দেহভাজন হিসেবে একই বাড়ির বাসিন্দা নূরুল ইসলামের দূরসম্পর্কের ভাই দোলন (২৮), তাঁর স্ত্রী লিমা (২৪), ভাবি মনিরা বেগম (৩৫) ও মা জহুরা বেগমসহ চারজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে মনিরা জানান, প্রতিবেশী ওয়াহেদ মিয়ার সঙ্গে তাঁদের বিরোধ ছিল। তাঁকে ফাঁসাতেই দোলন, লিমা ও জহুরা মিলে সোহাগকে হত্যার ষড়যন্ত্র করেন। মনিরার ঘরে শিশুটিকে গলা কেটে হত্যার পর খালে লাশ ফেলে দেওয়া হয়। ওই ঘরে রক্তের দাগ পেয়েছে পুলিশ। গতকাল দোলনসহ ওই চারজনকে আসামি করে থানায় অভিযোগ করেন শিশুটির বাবা। শিশুটির বাবা নূরুল ইসলাম বলেন, ‘আমি হত্যাকারীদের শাস্তি চাই। তাদের শাস্তি হলে আর কেউ এমন অন্যায় করার সাহস পাবে না।’ ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, পুলিশ ঘটনাটি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে। বস্তাবন্দী লাশ উদ্ধার: ভৈরবে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল বুধবার মেঘনা নদীর কিশোরগঞ্জের ভৈরব মোহনা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুপুরে ভৈরব রেলওয়ে সেতুর কাছ থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ভৈরব থানার পুলিশ জানায়, উদ্ধারের পর লাশটিতে বস্তা বাঁধা দেখা যায়। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে লোকটিকে হত্যা করে লাশ বস্তায় ভরে তাতে পাথর ঢুকিয়ে নদীতে ফেলা হয়। পরে বস্তাটি পচে ছিঁড়ে গেলে পাথরগুলো পরে যায়। লাশটি ভেসে ওঠে। উপপরিদর্শক (এসআই) ফরহাদ আহমেদ জানান, নিহতের বয়স ৩০ থেকে ৩৫ বছর। তাঁর কপালে গুলির চিহ্ন পাওয়া গেছে।