বানিয়াচংয়ে বিভক্তিতে আ.লীগের ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে এবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পরাজয় হয়েছে। যদিও এলাকাটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত।
এবারের নির্বাচনে একক প্রার্থী নির্ধারণ নিয়ে দলীয় সাংসদসহ নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত ছিলেন। আর এ সুযোগ কাজে লাগিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ তিনটি পদেই জয়ী হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
বানিয়াচং উপজেলায় এবার চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের চারজনই ছিলেন আওয়ামী লীগের। ভাইস চেয়ারম্যানের উভয় পদে ১৬ জনের মধ্যে ১০ জনই ছিলেন আওয়ামী লীগের।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবু জাহির ও সাধারণ সম্পাদক সাংসদ আবদুল মজিদ খান কয়েক দফা বৈঠক করেও প্রার্থী নির্ধারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা-কর্মী জানান, অনেক আলোচনার পরও আওয়ামী লীগ থেকে একক প্রার্থী নির্ধারণ সম্ভব হয়নি। বাধ্য হয়ে দলের সব প্রার্থীর জন্য নির্বাচন উন্মুক্ত রাখা হয়। অবশ্য নির্বাচনের এক দিন আগে কেন্দ্রীয় আওয়ামী লীগ উপজেলা সভাপতি আমীর হোসেনকে দলের একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। কিন্তু শেষ মুহূর্তের ঘোষণা ভোটারদের মধ্যে তেমন প্রভাব ফেলেনি।
অন্যদিকে বিএনপি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী দিয়ে দলের ঐক্য ধরে রাখে। এমনকি বিএনপি ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের সঙ্গে গোপনে সমঝোতা করে বলেও জানা যায়। নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের ইকবালি বাজহার খান ও নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির তানিয়া খানম বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।
বানিয়াচংয়ে বিগত কয়েকটি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ সব কটি পদে জয়ী হয় আওয়ামী লীগ। এ ছাড়া স্বাধীনতার পর একটি নির্বাচন ছাড়া প্রতিটিতে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাই এ এলাকা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত।
বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া বলেন, ‘কেন্দ্রীয় ও জেলা নেতাদের ভুলের কারণে আমাদের এ ভরাডুবি। এ এলাকায় আওয়ামী লীগের ৭০ হাজার ভোট দল ধরে রাখতে পারেনি। একাধিক প্রার্থী থাকায় আওয়ামী লীগের অনেক সমর্থক ভোট দিতে যাননি।’
এ ব্যাপারে আবদুল মজিদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের একাধিক প্রার্থী থাকায় জয়ী হতে পারিনি। বিএনপির একক প্রার্থী ৩৪ হাজার ভোট পেয়েছেন। আর আমাদের চার প্রার্থী মোট ভোট পেয়েছেন ৭০ হাজার। এ হিসেবে এ এলাকায় আওয়ামী লীগের ভোট কমেনি।’