বানিয়াচংয়ে সর্দার নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাগ-দীঘিরপাড় মহল্লার সর্দার নির্বাচনে গতকাল শুক্রবার দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নির্বাচন বন্ধ করে দেয় বানিয়াচং থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাগ-দীঘিরপাড় মহল্লার সর্দার মনোনয়নের জন্য গতকাল সকাল সাতটা থেকে স্থানীয় পূর্বগড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে সাবেক সর্দার মো. রহিম মিয়া ও মোতাব্বির মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল নয়টায় এক প্রার্থীর এজেন্ট সুমন (২০) ভোট দেন। অন্য প্রার্থীর লোকজন অভিযোগ করে যে সুমন বাইরের মহল্লার ছেলে। তিনি ভোট দিতে পারেন না। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক পক্ষের লোকজন সুমনকে পিটুনি দিলে দুই প্রার্থীর সমর্থক বাবুল মিয়া ও শামসুর রহমান মিয়ার মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে আবার পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি হয়।সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে বানিয়াচং থানার পুলিশ নির্বাচনস্থলে গিয়ে নির্বাচন বন্ধ করার নির্দেশ দেন এবং নির্বাচনের সব জিনিসপত্র আটক করেন। কিছুক্ষণ পরে উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়। যোগাযোগ করা হলে সাবেক সর্দার রহিম মিয়া অভিযোগ করেন, ওই লোক (মোতাব্বির মিয়া) যখন জানতে পেরেছেন আমার সঙ্গে জিততে পারবেন না, তখনই বাইরের মানুষ দিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর এ অপকর্মের সাক্ষী মহল্লাবাসী।অপর প্রার্থী মোতাব্বির মিয়া তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ভূঁইয়া জানান, সংঘর্ষ এড়িয়ে নির্বাচন সুন্দরভাবে সমাপ্ত হলে ভালো হতো। আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকায় নির্বাচন বন্ধ করা ছাড়া থানা প্রশাসনের উপায় ছিল না।