হবিগঞ্জের বানিয়াচংয়ে গতকাল শনিবার তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে আটক করেছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বানিয়াচংয়ের নিশ্চিন্তপুর গ্রামের হাফিজুর রহমানের সঙ্গে পাশের কুশিয়ারতলা গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার বিকেলে হাফিজুরকে মারধর করেন ওই মেয়ের আত্মীয় কুশিয়ারতলা গ্রামের জমির আলী। এর জের ধরে গতকাল সকাল নয়টার দিকে হাফিজুর জমির আলীর ছেলেকে মারধর করেন। এ ঘটনা কেন্দ্র করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে নিশ্চিন্তপুর ও কুশিয়ারতলার লোকজন। এ ছাড়া নিশ্চিন্তপুর গ্রামের একটি মসজিদের জমি নিয়ে দীর্ঘদিন নিশ্চিন্তপুর, মাহতাবপুর ও কুশিয়ারতলার লোকজনের মধ্যে বিরোধ চলছে। গতকালের সংঘর্ষের সুযোগে মাহাতাবপুর গ্রামের লোকজনও জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী তিন গ্রামের লোকজনের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়।খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ভূঁইয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০টি রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।