বানিয়াছলে পুলিশ ফাঁড়ি নির্মাণকাজের উদ্বোধন, স্বস্তি
নরসিংদী শহরের অপরাধপ্রবণ এলাকা বানিয়াছলে পুলিশ ফাঁড়ি নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ নির্মাণকাজের উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। এতে স্থানীয় ব্যক্তিরা স্বস্তি প্রকাশ করেন।
নরসিংদী শহরের প্রাণকেন্দ্রেই বানিয়াছল এলাকা। এখানে রেলওয়ে স্টেশন থাকায় ভাসমান অপরাধীর সংখ্যা বেশি। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, শহরে মাদক ও অপরাধপ্রবণ এলাকাগুলোর অন্যতম হচ্ছে বানিয়াছল। এখানে অনেকটা প্রকাশ্যে মাদক কেনাবেচা থেকে সেবন পর্যন্ত চলে। হত্যা, জখম, চুরি, ছিনতাই, ডাকাতিতে অতিষ্ঠ এখানকার মানুষ। তাই পুলিশ প্রশাসনের সহযোগিতায় এলাকায় একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের উদ্যোগ নেন তাঁরা। পুলিশ ফাঁড়ির জন্য ব্যক্তিগত উদ্যোগে ১১ শতাংশ জমি দান করেন স্থানীয় মোন্তাজ উদ্দিন মিয়া।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেমের সভাপতিত্বে বানিয়াছল পুলিশ ফাঁড়ির নির্মাণকাজের উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল কাদির মোল্লা, মশিউর রহমান মৃধা, শাহনেওয়াজ খালেদ, মোখলেসুর রহমান, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, জয়নাল আবেদীন, এম আবদুস সালাম প্রমুখ।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় বাসিন্দা হারুন অর রশীদ বলেন, ‘ভাসমান অপরাধীদের জন্য এ এলাকা মাদক আর অপরাধের রাজ্য হিসেবে পরিচিত। আমরা এ অপবাদ থেকে মুক্তি চাই।’
৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম বলেন, ফাঁড়িটি হলে এই এলাকার নিরাপত্তা বাড়বে।
পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, অধিকাংশ ক্ষেত্রেই অপরাধের মূলে থাকে মাদক। তাই মাদকপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে মাদক নিয়ন্ত্রণের মাধ্যমে এলাকাটিকে অপরাধমুক্ত করাই আমাদের লক্ষ্য।