বানিয়ারচর গির্জায় বোমা হামলার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের বানিয়ারচর গির্জায় বোমা হামলা ও হত্যাকাণ্ডের মামলায় অবিলম্বে অভিযোগপত্র দাখিল ও হত্যাকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।বোমা হামলার ১১তম বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক স্মরণসভা থেকে এ দাবি জানানো হয়। এ সময় বক্তারা ১১ বছরেও এ মামলার অভিযোগপত্র দাখিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।২০০১ সালের ৩ জুন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বানিয়ারচর ক্যাথলিক চার্চে প্রার্থনার সময় বোমা হামলায় ১০ জন নিহত ও ২৬ জন গুরুতর আহত হন।সভায় বক্তারা অভিযোগ করেন, ১১ বছর আগে জঙ্গিরা নৃশংসভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। তিনবার তদন্ত কমিটি পরিবর্তন হলেও এখনো মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। সরকারকে অবিলম্বে এ ঘটনার বিচার করতে হবে।স্মরণসভায় বর্ষীয়ান রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, রাষ্ট্র কোনো হত্যার বিচার করছে না। এ দেশ এখন হত্যার অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাষ্ট্রকে দ্রুত এ মামলার বিচার করতে হবে ও হতাহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা শিরিন আখতার সরকারের কাছে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।সভাপতির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, বর্তমান সরকার সন্ত্রাসী ও জঙ্গিবাদ দমনে প্রতিজ্ঞাবদ্ধ। সভায় সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন শিক্ষাবিদ দুর্গাদাস ভট্টাচার্য, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের নির্মল রোজারিও, আদিবাসী নেতা অ্যালবার্ট মানকিন প্রমুখ।সভা শেষে বোমা হামলায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও বিচারের দাবিতে মিছিল করা হয়।