বানেশ্বর-বাঘা সড়ক খানাখন্দে ভরা
রাজশাহী-বাঘা সড়কের বানেশ্বর-বাঘা অংশ খানাখন্দে ভরে গেছে। দীর্ঘদিন সংস্কার না করায় ছোট ছোট গর্ত ক্রমেই বড় হয়ে যাচ্ছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই রুটে প্রতিদিন ২৪টি বাস দিনে দুবার করে যাতায়াত করে। রাস্তা খারাপ হওয়ার কারণে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।সওজ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার এই প্রকল্পের অধীনে রাজশাহীর বানেশ্বর-চারঘাট-বাঘা-লালপুর-ঈশ্বরদী সড়কের ৩১ কিলোমিটার রাস্তা মেরামতকাজের কার্যাদেশ দেওয়া হয় গত বছরের জুনে। কাজের দরপত্রমূল্য ছিল নয় কোটি ৫১ লাখ টাকা। এখন পর্যন্ত এ কাজ শুরু করাই হয়নি। ইতিমধ্যেই কাজের মেয়াদও শেষ হয়ে গেছে। টাকা না থাকার কারণে জরুরি মেরামতকাজের বিল ঠিকমতো ঠিকাদারদের কর্তৃপক্ষ শোধ করতে পারেনি দেখে ঠিকাদার এই কাজ শুরু করেননি।তবে কাজের ঠিকাদার আতিকুর রহমান বলেন, তিনি কাজ করার জন্য বসে আছেন, কিন্তু সওজের বরাদ্দ না থাকায় যারা কাজ করেছে তারাই বিল পায়নি। কাজের জন্য অর্ধেক টাকাও যদি বরাদ্দ দিত তাও তিনি কাজ করতে পারতেন। ইতিমধ্যে বিটুমিনের দাম টনপ্রতি ২৫ হাজার টাকা করে বেড়ে গেছে। পাথরের দাম বেড়ে গেছে। একই সঙ্গে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। তবুও তিনি কাজ করবেন, কাজ করে তারপর বিল বাড়ানোর জন্য অনুরোধ করবেন। সরেজমিনে দেখা যায়, সড়কের চারঘাট থেকে বাঘার মীরগঞ্জ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার একেবারেই বেহাল। চারঘাটের মিঞাপুর এলাকায় লিলি সিনেমার সামনের রাস্তা বলে আর কিছু নেই। বৃষ্টি হলে তাতে পানি জমে পুকুরের মতো হয়ে যায়। এই ১৩ কিলোমিটারের বিভিন্ন জায়গায় এই অবস্থা হয়ে রয়েছে। বাঘা উপজেলার কেশবপুর কলেজশিক্ষক মিজানুর রহমান প্রতিদিন চারঘাটের হলিদাগাছি এলাকা থেকে বাসে যাতায়াত করেন। মিজানুর বলেন, রাস্তার অবস্থা এত খারাপ হয়েছে কোথাও কোথাও সাইকেল-মোটরসাইকেল যাওয়ার মতো পরিবেশ নেই। তা ছাড়া ভ্যান, ভটভটি সব সময় উল্টাতেই থাকে। এই রাস্তায় বাস-ট্রাক চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। চারঘাটের মিঞাপুর এলাকার দোকানি মাইনুল ইসলাম বলেন, রাস্তার অবস্থা এতই বেহাল হয়েছে মাঝেমধ্যে গাড়িগুলো রাস্তা ছেড়ে এসে দোকান ঘরের সঙ্গে ধাক্কা খায়।বাসের চালক মোহাম্মদ আলী বলেন, রাস্তার কারণে গাড়ি নষ্ট হতেই থাকে। মাঝেমধ্যেই গাড়ির বিয়ারিং ভেঙে যায়। স্প্রিং ভেঙে যায়। একইভাবে অন্যান্য যন্ত্রপাতিও নষ্ট হতেই থাকে। তাড়াতাড়ি মেরামত না করা হলে ভবিষ্যতে এই সড়কে গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে।সওজ, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, কাজ অচিরেই শুরু হবে। বরাদ্দ না পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে টাকা পরিশোধ করা হবে। তিনি বলেন, টাকা না পাওয়ার কারণে যেহেতু কাজের অগ্রগতি হয়নি, সেই জন্য মেয়াদ শেষ হয়ে গেলেও কার্যাদেশ বাতিল করা হবে না।