বান্দবানের লামায় পুলিশ ডাকাত গোলাগুলি
বান্দরবানের লামা উপজেলায় গত সোমবার পুলিশের সঙ্গে একদল ডাকাতের গোলাগুলিতে এক পুলিশসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে গতকাল জেলার আলীকদম উপজেলায় আবদুল মজিদ (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ জেলা সদরের প্রায় আট কিলোমিটার দূরে রেইছা থলিপাড়া এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাস ও চালককেও আটক করা হয়।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন জানান, লামা-চকরিয়া সড়কের রিভং এলাকায় সোমবার রাতে একদল ডাকাত যাত্রীবাহী গাড়িতে ডাকাতি করার চেষ্টা করছিল। এ সময় টহল পুলিশের একটি দল তাদের ধরার চেষ্টা করলে ডাকাতেরা গুলি ছোড়ে। এতে কনস্টেবল মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। ডাকাতদের লক্ষ্য করে পুলিশও দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে ডাকাতদলের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।