বান্দরবান ও ভোলায় তিন কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারা!
বান্দরবান জেলা পরিষদের প্রায় দেড় কোটি টাকার কাজ গত সোমবার দখল ও ভাগাভাগি করে নেওয়া হয়েছে। যুবলীগ-যুবদল, মসজিদ-বৌদ্ধবিহার কমিটির সদস্য এবং জেলা পরিষদের লোকজনের বাধার মুখে সাধারণ ঠিকাদারেরা পাঁচটি কাজের শিডিউল কিনতে পারেননি বলে অভিযোগ উঠেছে। ভোলার লালমোহন উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী তৈয়বুল হামিদ চৌধুরীর বিরুদ্ধে গোপনে দরপত্র আহ্বান করে পছন্দের ঠিকাদারকে এক কোটি ৬২ লাখ টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুনঃ দরপত্র আহ্বানের দাবি জানিয়ে উপজেলার সব ঠিকাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।স্থানীয় সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় জেলা পরিষদ ৩ জানুয়ারি ১০টি নির্মাণকাজের দরপত্র আহ্বান করে। গত সোমবার ছিল শিডিউল কেনার শেষ দিন।কয়েকজন ঠিকাদারের অভিযোগ, ৩ ও ৪ নম্বর ক্রমিকে জেলা পরিষদের অফিস ভবন সম্প্রসারণ এবং জেলা পরিষদের কর্মচারীদের বাসভবন নির্মাণকাজের ৬০ লাখ টাকার শিডিউল জেলা পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ঠিকাদারকে কিনতে দেননি। জেলা পরিষদ নিজেই প্রকল্প কমিটির মাধ্যমে ওই দুটি নির্মাণকাজ করবে বলে নাম প্রকাশ না করে কয়েকজন কর্মচারী জানান। তবে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জে এম আজাদ হোসেন বলেন, ‘সবার অংশগ্রহণের জন্য উন্মুক্তভাবে দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু ওপর থেকে কর্মচারীদের কী বলে দেওয়া হয়েছে, তা জানি না।’ক্রমিকের ৯ নম্বরে পোড়াপাড়া ক্রামাক্ষ্যং ধর্মশালা ও কমিউনিটি সেন্টার নির্মাণের ৩৫ লাখ টাকার কাজ যুবলীগ ও যুবদল সমঝোতার ভিত্তিতে ভাগবাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন ঠিকাদার। জেলা যুবলীগের সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া ও যুবদলের সভাপতি আবদুল মাবুদ একজোট হয়ে কাজ ভাগ করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে চৌধুরী প্রকাশ বড়ুয়া বলেন, ধর্ম বিহার নির্মাণের কাজটি করার আগ্রহ প্রকাশ করে বিহার কমিটির পক্ষ হয়ে কয়েকজন পাহাড়ি যুবক ঠিকাদারদের শিডিউল না কেনার অনুরোধ জানিয়েছে। এই যুবকদের কেউ কেউ হয়তো যুবলীগের সঙ্গে জড়িত। তাদের অনুরোধে ঠিকাদারেরা শিডিউল না কিনলে সেটাকে দখল বলা সংগত নয়। তবে যুবদলের জেলা সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেছেন, ‘যুবলীগ দখল করলে যুবদল বসে থাকবে কেন? এ জন্য আমরাও যুবলীগের সঙ্গে গিয়েছি।’এদিকে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ ও রোয়াংছড়ি বাস স্টেশনসংলগ্ন কেন্দ্রীয় বৌদ্ধবিহারে জাদি (প্যাগোডা) নির্মাণের ৫৫ লাখ টাকার কাজের শিডিউলও মসজিদ ও বিহার কমিটির লোকজন কিনতে দেয়নি বলে সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেন। বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, মসজিদ ও বিহার কমিটির কেউ কোনো ঠিকাদারকে শিডিউল কিনতে বাধা দেননি। ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ কমিটির মাধ্যমে করলে কাজের মান ভালো হয় বলে সংশ্লিষ্ট ঠিকাদারদের জানানো হয়েছে। তার পরও কেন্দ্রীয় মসজিদের কাজের ১০টি শিডিউল বিক্রি হয়েছে বলে দাবি করেন মাহবুবুর রহমান।জেলা পরিষদের প্রকৌশল শাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ৩ ও ৪ ক্রমিকের দুটি কাজের শিডিউল বিক্রি করা হয়নি। অন্যান্য কাজের শিডিউল বিক্রিতে পরিষদ থেকে কোনো বাধা ছিল না। ঠিকাদার মো. খায়ের উদ্দীন সোমবার রাতে বলেন, ‘বাধার মুখে ওই পাঁচটি কাজের শিডিউল কিনতে পারিনি। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট কার্যালয়ে অভিযোগ করার কথা ভাবছি।’ এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, ‘ব্যস্ততার কারণে এ ব্যাপারে খোঁজ নিতে পারিনি। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে পুনঃ দরপত্র আহ্বান করব।’ভোলার লালমোহনের ইউএনওর কাছে দেওয়া অভিযোগপত্র থেকে জানা যায়, উপজেলার বদরপুর ও ধলীগৌর নগর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য এক কোটি ৬২ লাখ টাকার গোপন দরপত্র আহ্বান করা হয়। যার বিজ্ঞপ্তি বড় কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি। ভারপ্রাপ্ত প্রকৌশলী তৈয়বুল হামিদ চৌধুরী ও হিসাবরক্ষক ছায়েদুর রহমান মিলে অখ্যাত একটি পত্রিকায় গোপন বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই দরপত্রের ফরম বিক্রির শেষ তারিখ ছিল ২০ জানুয়ারি এবং দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ জানুয়ারি। কিন্তু এ খবর লালমোহনের কোনো ঠিকাদার জানেন না। তা ছাড়া অফিসের নোটিশ বোর্ডেও দরপত্র বিজ্ঞপ্তি টানানো হয়নি। লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ওরফে রিপন বলেন, ‘ভারপ্রাপ্ত প্রকৌশলী এর আগেও এ রকম করেছেন। ঠিকাদার ও আমাদের না জানিয়ে কীভাবে এ দরপত্র আহ্বান করেছেন, তা জানি না।’ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও দরপত্র আহ্বান কমিটির সদস্য মো. শাজাহান জানান, ইউপি ভবন নির্মাণে দরপত্র আহ্বান সংক্রান্ত কোনো খবর তাঁর কাছে নেই। এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারেন না।ইউএনও বাবর আলী মীর ঠিকাদারদের অভিযোগপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত চলছে। যদি অনিয়ম কিছু পাই, তবে ব্যবস্থা নেব।’অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রকৌশলী তৈয়বুল হামিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি নিয়মানুযায়ী দরপত্র তফসিল আহ্বান করেছি। শিডিউল বিক্রি হয়েছে, দাখিলও হয়েছে। এখন কে কাজ পেয়েছে সেটা বাছাই কমিটি বলতে পারবে।’