বান্দরবান ও রাঙামাটিতে জনসংহতির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংহতি সমিতির (জেএসএস) নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাকে নিয়ে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কটূক্তির প্রতিবাদে বান্দরবান ও রাঙামাটিতে বিক্ষোভ হয়েছে। লারমাকে নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদের কার্যবিবরণী থেকে কটূক্তিমূলক ওই বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানিয়েছে জেএসএস ও এর অঙ্গসংগঠনগুলো। বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেএসএস ও আদিবাসী ফোরাম। আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সন্তু লারমাকে নিয়ে বেগম খালেদা জিয়ার কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে তারা এ কর্মসূচি দেয়। রোয়াংছড়ি ও নাইক্ষ্যংছড়ি উপজেলায়ও জেএসএস একই কর্মসূচি পালন করেছে।বেলা ১১টায় বান্দরবান শহরের মধ্যমপাড়ার জেএসএস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর স্থানীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করা হয়। রাঙামাটি জেলা প্রশাসন চত্বরেও সমাবেশ করেছে জনসংহতি সমিতি। সংগঠনের জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে সমাবেশে সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেন, সন্তু লারমা কোনোদিন বলেননি তাঁর শান্তি পুরস্কার পাওয়া উচিত। তিনি চান, পার্বত্য চুক্তি বাস্তবায়িত হোক এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসুক।