বান্দরবান ও রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বশান্তি ও পৃথিবীর সব প্রাণীর সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে রাঙামাটি রাজবন বিহারে যথাযথ ধর্মীয় মর্যাদায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুরা (সাধক) একটি কুঠিরে টানা তিন মাস বসবাসের করে ধ্যান সাধনা করেন।
এই তিন মাস সাধনাকে বর্ষাবাস নামে অভিহিত করা হয়। প্রবারণা পূর্ণিমা উদ্যাপনের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিক্ষুদের কাছে পাপ মোচনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এর মাধ্যমে বৌদ্ধ ভিক্ষরাও তাঁদের বর্ষাবাস শেষ করেন। এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপ মোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস।
গতকাল শুক্রবার ভোর থেকে নারী-পুরুষ, শিশুসহ নানা বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ রাঙামাটি রাজবন বিহারে আসতে থাকেন। পরে বৌদ্ধ পূজা, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ নানা দান কাজ সম্পন্ন করা হয়। সকাল নয়টায় বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পঞ্চশীল প্রার্থনা ও ধর্মীয় সভা।
সভায় ধর্মীয় দেশনা (উপদেশ বাণী) দেন রাজবন বিহারের সংঘপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্যেষ্ঠ বৌদ্ধ সাধক শ্রীমৎ জ্ঞানপ্রিয় স্থবির। দেশনায় বৌদ্ধ ভিক্ষুরা লোভ, দ্বেষ, মোহ ও হিংসা পরিহার করে গৌতম বুদ্ধের অহিংস নীতির অনুসরণে ভ্রাতৃত্ববোধ, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন চাকমা সার্কেলের প্রধান ও রাজবন বিহারের প্রধান পৃষ্ঠপোষক রাজা দেবাশীষ রায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাজবন বিহার পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম দেওয়ান।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গতকাল শুক্রবার থেকে ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা উৎসব শুরু হয়েছে। বৌদ্ধভিক্ষুদের বর্ষাবাস সমাপনী আশ্বিনী পূর্ণিমাকে কেন্দ্র করে মারমা বৌদ্ধদের কিছুটা ভিন্নধারার এ উৎসব (ওয়াগ্যোয়াই অর্থ প্রবারণা, পোয়ে অর্থ উৎসব) আগামীকাল রোববার পর্যন্ত চলবে।
ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ওড়ানো শত শত ফানুসে বান্দরবানের রাতের আকাশ রঙিন হয়ে ওঠে। তরুণ-তরুণীরা উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী পিঠা তৈরির আয়োজনে মেতে উঠেছে।
জেলা শহরের বৌদ্ধবিহারগুলো ওয়াগ্যোয়াই পোয়ের ধর্মীয় পবিত্রতায় সেজে উঠেছে। উৎসবের শুরুতে গতকাল (শুক্রবার) রাজবাড়ি মাঠে মারমা শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর। সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন কমিটির সভাপতি অং চ মং মারমা।
উদ্যাপন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, মারমা সাক্রয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ শনিবার ওয়াগ্যোয়াই পোয়ের মূল উৎসব। মূল দিনে ধর্মীয় দেশনা, প্রার্থনা, রাতে ফানুস ওড়ানো ও রাজপঙ্খী রথ রাজবিহার এবং উজানী পাড়া বিহারে নিয়ে যাওয়া হবে। আগামীকাল রোববার শেষ দিনে রথটি সবার পূজার জন্য জেলা শহরে প্রদক্ষিণ ও শঙ্খ নদীতে বিসর্জন দেওয়া হবে। ত্রিপিটক অনুযায়ী বৌদ্ধভিক্ষুরা বর্ষাকালে (আষাঢ় মাসের পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা) বিহার থেকে অন্যত্র গিয়ে রাত যাপন করেন না। আশ্বিন মাসের পূর্ণিমায় বর্ষাবাস সমাপনের আনুষ্ঠানিকতাকে প্রবারণা পূর্ণিমা বলা হয়।