বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠনে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন ও জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানসহ বিভিন্ন দাবি জানিয়েছেন দলের ক্ষুব্ধ আদিবাসী নেতারা। গতকাল শুক্রবার নেতারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ বীর বাহাদুরের সঙ্গে বৈঠক করে এসব দাবি পূরণে এক মাসের সময় বেঁধে দিয়েছেন বলে জানা গেছে।বান্দরবান শহরের মধ্যমপাড়ায় বীর বাহাদুরের বাসায় গতকাল সকালে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৩০ জন আদিবাসী নেতা যোগ দেন।বৈঠকে অংশগ্রহণকারী জেলা আওয়ামী লীগের সদস্য রাংরাই ম্রো ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য তপন মারমা জানান, বিভিন্ন বিষয়ে নেতা-কর্মীরা তাঁদের ক্ষোভ তুলে ধরেছেন। এর মধ্যে জেলা পরিষদ পুনর্গঠন, জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠান, সম্প্রতি নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকদের মধ্যে যাঁরা জেলার বাইরের তাঁদের নিয়োগ বাতিল করা এবং জেলা পরিষদের জন্য বরাদ্দ পাওয়া শত শত টন খাদ্যশস্যের হদিস না পাওয়ার বিষয়টি তদন্ত—এ চারটি বিষয় আলোচনায় গুরুত্ব পায়। এগুলো দাবি আকারে উত্থাপন করে সাংসদকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এসব দাবি পূরণে সাংসদকে এক মাস সময় দেওয়া হয়েছে।তপন মারমা জানান, বীর বাহাদুর তিনটি দাবি পূরণের আশ্বাস দিলেও জেলা পরিষদ পুনর্গঠনের বিষয়টি আওয়ামী লীগের জেলা কাউন্সিলের পর বিবেচনা করা হবে বলে জানিয়েছেন।দলীয় নেতা-কর্মীদের ক্ষোভের বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর জরুরি সভা ডাকা হয়েছে। গতকাল রাতে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।