বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠনের দাবি
বান্দরবানে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কর্মকাণ্ড নিয়ে জেলা আওয়ামী লীগের আদিবাসী নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। চেয়ারম্যান ও সদস্যদের অব্যাহতি দিয়ে এক মাসের মধ্যে জেলা পরিষদ পুনর্গঠন এবং অবিলম্বে জেলা আওয়ামী লীগের কাউন্সিল চান তাঁরা। এসব দাবি নিয়ে আজ শুক্রবার ক্ষুব্ধ নেতারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুরের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।জানা গেছে, জেলা পরিষদ ও সাংসদের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের ক্ষুব্ধ আদিবাসী নেতারা এ পর্যন্ত বিভিন্ন উপজেলায় কয়েক দফা বৈঠক করেছেন। সর্বশেষ গত সোমবার জেলা শহরের উজানিপাড়ায় জেলার সাত উপজেলার বিভিন্ন স্তরের ৩৩ জন নেতা বৈঠক করেন।আদিবাসী আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সোমবারের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে আজ শুক্রবার তাঁরা বীর বাহাদুরের সঙ্গে বৈঠকে করবেন। বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সানুপ্রু মারমা ও সাধারণ সম্পাদক জলেক কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, ‘জেলা পরিষদে এ পর্যন্ত বরাদ্দ দেওয়া হাজার হাজার টন খাদ্যশস্য কোনো কাজ না করে লোপাট করা হয়েছে।’জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক জুয়ামলিয়ান আমলাই বম বলেন, ‘জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা পার্বত্য অঞ্চলের বিদ্যমান বিধিবিধানের তোয়াক্কা না করে মনগড়াভাবে কাজ করছেন।’জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেন, ‘আওয়ামী লীগের আদিবাসী নেতাদের বৈঠকের কথা শুনেছি। তবে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে, জানি না।’