বান্দরবান জেলা পরিষদের বাজেট ঘোষণা
বান্দরবান জেলা পরিষদ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে পর্যটন ব্যবসা করার উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রাথমিকভাবে নীলগিরি অবকাশ যাপনকেন্দ্রের দক্ষিণ পাশে নাইতং পাহাড়ে জেলা পরিষদের স্থাপনাগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তির প্রক্রিয়া চলছে।
গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের ৪৫ কোটি টাকার বাজেট ঘোষণার সময় এ তথ্য জানিয়েছেন।
মেঘলা পর্যটনসংলগ্ন এলাকায় অবস্থিত জেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে বাজেট ঘোষণার সময় পরিষদের সদস্যরা, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহতাব উদ্দিন, হস্তান্তরিত বিভাগগুলোর জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটে কেন্দ্রীয় সরকার থেকে ৪৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া ও নিজস্ব রাজস্ব তহবিলের দুই কোটি টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছে। বাজেটে সংস্থাপন বা রাজস্ব ব্যয় হিসেবে কেন্দ্রীয় বরাদ্দ থেকে সাড়ে পাঁচ কোটি, রাজস্ব আয়ের এক কোটি ৮১ লাখ টাকাসহ মোট সাত কোটি ৩১ লাখ টাকা ধরা হয়েছে। প্রায় সাড়ে ৩৭ কোটি টাকার উন্নয়ন বাজেটের ২৮ শতাংশ শিক্ষা, ২০ শতাংশ যোগাযোগ, ১৫ শতাংশ স্বাস্থ্য ও সমাজকল্যাণ, ১৪ শতাংশ করে কৃষি ও ভৌত অবকাঠামো উন্নয়নে বণ্টন করা হয়েছে।