বান্দরবান জেলা প্রশাসনে ১১ কর্মকর্তার পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুই সপ্তাহে দুবার এসেও জমাবন্দীর (ভূমি মালিকানা দলিল) নকল কপি পাচ্ছি না। অফিসের লোকজন বলছে, সাহেব (কর্মকর্তা) বসেন না বলে তাঁরা কাজ করতে পারছেন না। দুবারে যাওয়া-আসা, থাকা-খাওয়ায় এক হাজার টাকা খরচ হয়েছে, আরও কত টাকা লাগবে, জানি না।’ বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারের (মহাফেজখানা) কক্ষের বারান্দায় দাঁড়িয়ে লামা উপজেলার চা-খোলা গ্রাম থেকে আসা মো. আক্কেল আলী এ কথাগুলো বলেন।জেলা প্রশাসনে কর্মকর্তা-সংকটের কারণে আক্কেল আলীর মতো বান্দরবানের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার অনেক মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এতে একদিকে তাঁদের টাকা-পয়সা খরচ হচ্ছে, অন্যদিকে সময় দিয়েও তাঁরা নির্ধারিত কাজ যথাসময়ে শেষ করতে পারছেন না।জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ে আরডিসি, এনডিসি, জেনারেল সার্টিফিকেট অফিসার (জিসিও), উপপরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি) ও ভূমি হুকুম-দখল কর্মকর্তা (এলএও), ছয়জন জ্যেষ্ঠ সহকারী কমিশনারের (এসি) পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। কিন্তু বর্তমানে দুজন শিক্ষানবিশ এসিসহ আটজন এসির পদের বিপরীতে মাত্র চারজন কর্মরত আছেন। ওই চারজন শিক্ষানবিশ এসি দিয়ে ১৩ জন গুরুত্বপূর্ণ জ্যেষ্ঠ কর্মকর্তার কাজ চালানো হচ্ছে। গত বছরের নভেম্বর থেকে এডিএমের পদ খালি রয়েছে। রুমার উলস্নামং মারমা জানান, তিনি তাঁর এক আত্মীয়ের কাছ থেকে জমি কিনেছেন। সেই জমির বায়নানামা (বিক্রয় দলিল) করার জন্য চারজনকে নিয়ে তিনি জেলা সদরে তিনবার এসেছেন। কিন্তু সাহেব (কর্মকর্তা) বসছেন না বলে কাজও করতে পারছেন না। এ পর্যন্ত তাঁর সাত হাজার টাকা খরচ হয়েছে বলে তিনি জানান। লামা থেকে সাহ্লাখয় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বায়নানামার মূল দলিল নেওয়ার জন্য দুবার এসেও পাচ্ছি না। অফিসের লোকজন বারবার সেই একই কথা বলছেন, সাহেব নেই।’ জেলা প্রশাসক মিজানুর রহমান জেলা প্রশাসনে কর্মকর্তা-সংকটের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।