বান্দরবান জেলা যুগ্ম জজ আদালতে ই-গভর্ন্যান্স চালু
বান্দরবান জেলা যুগ্ম জজ আদালতে তথ্যপ্রযুক্তিনির্ভর কার্যক্রম (ই-গভর্ন্যান্স) গতকাল বুধবার চালু করা হয়েছে। এর ফলে মামলার বিবাদীরা আদালত থেকে কারণ দর্শানোসংক্রান্ত আদেশ ই-মেইলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। গতানুগতিক পদ্ধতিতে ওই আদেশের কপি ১০ দিনেও পৌঁছানো সম্ভব হতো না।সরকারি কৌঁসুলি (পিপি) মহিউদ্দিন বলেন, সরকারি উদ্যোগে নয়, আদালতের সম্মতিতে জেলা বার অ্যাসোসিয়েশনের তরুণ আইনজীবীরা এই ডিজিটাল পদ্ধতি (ই-গভর্ন্যান্স) চালু করেছেন।মূল উদ্যোক্তা ও শিক্ষানবিশ আইনজীবী আরমান হাবিব বলেন, বিচার বিভাগ শক্তিশালীকরণ প্রকল্পের (জেএসপি) সরকারি উদ্যোগের অংশ হিসেবে জেলা যুগ্ম বিচারক আদালতে ই-গভার্ন্যান্স চালু করা হয়েছে। তরুণ আইনজীবী ইলিয়াছুর রহমান ও বিশ্বজিৎ চাকমা বলেন, ই-গভর্ন্যান্স পূর্ণাঙ্গভাবে চালু হলে সংক্ষুব্ধ ব্যক্তি বা বাদী ও বিবাদীরা আদালতে না এসেও আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবেন। সশরীরে হাজির হওয়ার নির্দেশ থাকলেই কেবল তাঁদের আদালতে আসার প্রয়োজন হবে।