
বান্দরবানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রশাসনের যোগসাজশে ভোট ‘কারচুপি’ এবং জেলার লামায় জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে ইউপি নির্বাচন বাতিল ও হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ ফটকের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২৩ এপ্রিল বান্দরবান জেলায় অনুষ্ঠিত ২৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যে অধিকাংশ ইউনিয়নে নকল ব্যালট পেপার ছাপিয়ে কর্মী-সমর্থকদের সরবরাহ করে আওয়ামী লীগ। প্রশাসন ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে এসব ব্যালট পেপার সিল মেরে বাক্সে ফেলা হয়।
বক্তারা বলেন, নকল ব্যালট পেপারে জাল ভোট প্রদানের খবর পেয়ে জনসংহতি সমিতি-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সংশ্লিষ্ট প্রিসাইডিং ও পোলিং কর্মকতাদের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করেন। কিন্তু তা আমলে না নিয়ে একতরফাভাবে ফল ঘোষণা করা হয়।
বক্তারা অভিযোগ করেন, গত রোববার দুপুরে লামা উপজেলার গজালিয়া বাজারে ছাত্রলীগের কর্মীরা জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের ওপর হামলা করে। এতে তিন কর্মী আহত হন।
জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা, রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, যুব সমিতির রাঙামাটি জেলা সভাপতি টোয়েন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা।
বান্দরবান প্রতিনিধি জানান, লামার গজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদ্য নির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানাতে গিয়ে হামলায় তিন কর্মী আহত হওয়ার প্রতিবাদে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জনসংহতি সমিতির (জেএসএস) উদ্যোগে বান্দরবান প্রেসক্লাব চত্বরে গতকাল বুধবার সকাল ১০টায় এ সমাবেশ হয়।
জেএসএসের জেলা সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জলিমং মারমা, বান্দরবান সদর উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান ওয়াইচিং প্রু মারমা, জেএসএসের জেলা সাংগঠনিক সম্পাদক সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, প্রচার সম্পাদক নিত্যলাল চাকমা, যুব সমিতির জেলা সভাপতি মং এচিং মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি উবাসিং মারমা প্রমুখ।