বান্দরবান থেকে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলার রাজবিলা থেকে অপহৃত দ্বিতীয় শ্রেণির ছাত্র বিজয় মারমাকে (৭) গতকাল শুক্রবার সকালে গভীর জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজয় মারমার বাড়ি রাঙামাটির রাজস্থলী থানার কাছাকাছি বান্দরবানের রাজবিলা ইউনিয়নের ৫ নম্বর ইসলামপুর এলাকায়। সে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। বিজয়ের বাবা পুথোয়াই উ মারমা একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার সকালে মিষ্টি খাওয়ানোর কথা বলে বিজয়কে বিদ্যালয় থেকে ডেকে পাহাড়ের দিকে নেয় অপহরণকারীরা। গতকাল সকালে বালুমুড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদ উল্লাহ সরকার বলেন, অপহৃত শিশুটিকে উদ্ধারের পর বালুমুড়ার জঙ্গলে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মানোয়ার হোসেন (২৪), মোহাম্মদ রাসেল (২২) ও সালাউদ্দিন (২০) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত বিজয় মারমা তাদের শনাক্ত করে। বাড়ির মালিক মনোয়ার হোসেনের বাবা সাহাদাৎ হোসেনকে পাওয়া যায়নি।
বিজয় মারমার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজয় মারমা প্রথম আলোকে বলে, তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বিদ্যালয় থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিছুদূর যাওয়ার পর তিন ব্যক্তি তাকে পাহাড়ের দিকে যেতে বলে। এরপর তাকে জঙ্গলে নিয়ে বেঁধে ফেলা হয়। কান্নাকাটি করলে তাকে মারধর করা হয়।
বিজয় মারমার মা উমেনু মারমা বলেন, রাতে মুঠোফোনে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পুথোয়াই উ বলেন, মারা গেছে মনে করে অজ্ঞান অবস্থায় তাঁর ছেলেকে দুর্বৃত্তরা জঙ্গলে ফেলে চলে যায়।
রাজস্থলী থানার ওসি জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।