বান্দরবান থেকে মারমা, ম্রোরা চলে যাচ্ছে, আসছে রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মিয়ানমারের একটি চক্র নানা প্রলোভন দেখিয়ে মারমাদের দেশত্যাগে উদ্বুদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে প্রত্যেককে পাঁচ একর আবাদি জমি, হালের গরু দেওয়া প্রভৃতি

গত প্রায় চার বছরে পার্বত্য জেলা বান্দরবান ছেড়ে মারমা ও ম্রো জনগোষ্ঠীর দেড় শতাধিক পরিবার মিয়ানমারে চলে গেছে। সন্ত্রাসী হামলা ও সাম্প্রদায়িক সংঘর্ষের মতো কোনো ঘটনা ঘটলে দেশত্যাগ বেড়ে যায়। কালেভদ্রে এদের কেউ কেউ ফিরে আসে। তবে মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসে অনেক বেশি সংখ্যায়।

এ ছাড়া চলতি বছরের গোড়ার দিকে বান্দরবান থেকে মানব পাচারের একটি গুরুতর অভিযোগ সরকারের উচ্চপর্যায়ে আসে। এই অভিযোগের বিষয়টি স্থানীয় প্রশাসনকে পরিবীক্ষণ (মনিটরিং) করতে বলা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় জনগণ ও সামাজিক নেতাদের এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।
নাইক্ষ্যংছড়ির ২৬৯ নম্বর সোনাইছড়ি মৌজার হেডম্যান অং চিং থোয়াই মারমা প্রথম আলোকে বলেন, ২০১২ সালের শেষ দিকে মারমাদের দেশত্যাগের কথা জানাজানি হয়। তখন তাঁর মৌজা থেকে ১৪টি মারমা পরিবার দেশত্যাগ করে। বিষয়টি তিনি লিখিতভাবে বোমাং রাজাকে (সার্কেল চিফ) জানিয়েছিলেন। তাতে যে কজন কারবারিকে (পাড়াপ্রধান) উদ্ধৃত করে তিনি লেখেন, এই দেশত্যাগের পেছনে মিয়ানমারের একটি চক্রের ভূমিকা রয়েছে। চক্রটি নানা প্রলোভন দেখিয়ে মারমাদের দেশত্যাগে উদ্বুদ্ধ করেছে। প্রলোভনের মধ্যে রয়েছে প্রত্যেককে পাঁচ একর আবাদি জমি, হালের গরু, এক বছরের খাদ্যের নিশ্চয়তা দেওয়া প্রভৃতি।
নাইক্ষ্যংছড়ি সদরের হেডম্যানপাড়ার কারবারি চাইচিং অং বলেন, সদর উপজেলা থেকে গত বছর দুয়েকের মধ্যে অন্তত ৪০টি মারমা পরিবার দেশত্যাগ করেছে। এদের অধিকাংশ দেশত্যাগ করেছে বান্দরবানের প্রত্যন্ত এলাকায় একজন বৌদ্ধ ভিক্ষু ও একজন আওয়ামী লীগ নেতার হত্যাকাণ্ডের পর।
উপজেলার ২৭৫ নম্বর ভাল্লুখাইয়া মৌজার হেডম্যান মং শপ্রু চৌধুরী এবং ২৭৬ নম্বর তরগু মৌজার হেডম্যান মংনু মারমা বলেন, বান্দরবানের প্রত্যন্ত এলাকায় ‘রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)’ নামে একটি সংগঠন সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন সময় সন্ত্রাসী ঘটনা ঘটায়। তখন ভয়ে অনেকে দেশত্যাগ করে।
এই হেডম্যান ও কারবারিদের প্রত্যেকেই বলেছেন যে মিয়ানমার থেকে রোহিঙ্গারা অহরহ বাংলাদেশে আসছে। তাদের মধ্যে ফিরে যায় খুব কম।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াত মো. শাহেদুল ইসলাম ৭ অক্টোবর তাঁর কার্যালয়ে বসে প্রথম আলোকে বলেন, দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনা কিছু আছে। এ রকম একটি তালিকাও তাঁরা জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তবে দেশ ছেড়ে যাওয়ার তুলনায় মিয়ানমার থেকে আসার প্রবণতা অনেক বেশি। প্রচুর রোহিঙ্গা নিয়মিত আসে। ২০০৮ সালে প্রণীত ভোটার তালিকায় তাঁদের অনেকের নাম আছে। অনেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেন। তারপরও অনেককে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি ছাড়া থানচি এবং রোয়াংছড়ি উপজেলা থেকেও মারমাদের দেশত্যাগের ঘটনা জানা গেছে। রোয়াংছড়ির ৩৪০ নম্বর তাড়াছা মৌজার তং প্রু পাড়ার কারবারি অং চ মং বলেন, তাঁর পাড়া থেকে কিছুদিন আগে চারটি পরিবার মিয়ানমারে চলে গেছে। এই পরিবারগুলোর আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। অন্যদিকে মিয়ানমারে তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন রয়েছে।
থানচির সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, উপজেলার ১ নম্বর রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মই শৈ খুই মারমা, এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, থানচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মং থোয়াই ম্যা ওরফে রনি বলেন, তাঁদের জানামতেই গত দুই বছরে প্রায় ১০০ পরিবার দেশত্যাগ করেছে। মারমারা যাচ্ছে বান্দরবানের প্রায় সব উপজেলা থেকে। আর ম্রো সম্প্রদায়ের মানুষেরা যাচ্ছে থানচি ও আলীকদম থেকে। হাতে গোনা কিছু খুমি পরিবারও যাচ্ছে। মারমা এবং ম্রোরা যাচ্ছে আরাকানে। আর খুমিরা যাচ্ছে খিয়াং প্রদেশে। যারা যাচ্ছে তাদের মিয়ানমার সরকার স্বাগত জানায়। থাকার জায়গা, খাদ্য ও জীবিকার ব্যবস্থা করে দেয়।
দেশত্যাগের বিষয়ে জানতে চাইলে ৯ অক্টোবর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বান্দরবান সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল হাবিবুল হাসান প্রথম আলোকে বলেন, সীমান্ত অত্যন্ত দুর্গম হওয়ায় বান্দরবান সেক্টর থেকে দেশত্যাগের সুযোগ খুব কম। তবে কক্সবাজার সেক্টরে এ ধরনের ঘটনা মাঝেমধ্যে ধরা পড়ে। নিজের ভালোর কথা ভেবে কেউ যেমন আমেরিকা-কানাডায় যায়, এখানেও হয়তো তেমন কিছু হতে পারে।
দেশত্যাগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলেও বান্দরবানের কোনো এলাকার স্থানীয় নেতারাই মানব পাচারের বিষয়ে কিছু বলতে পারেননি। এ বিষয়ে তাঁরা কিছু জানেন না বলে প্রথম আলোকে বলেন। তবে বান্দরবান সফরের আগে ঢাকায় সরকারি সূত্রে জানা গিয়েছিল, গত মার্চ-এপ্রিল মাসে একটি বৌদ্ধবিহারের একজন ধর্মগুরু (ভান্তে) স্থানীয় কয়েকটি মেয়েকে মিয়ানমারে নিয়ে যাওয়ার সময় বিজিবি আটক করেছিল। পরে বিষয়টি নিয়ে মামলাও হয়। তার পরিপ্রেক্ষিতে পার্বত্য জেলাগুলোর বৌদ্ধবিহার ও ভান্তেদের নিবন্ধনের জন্য সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন চাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ৯ অক্টোবর প্রথম আলোকে বলেন, যদিও সেটি ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা, তবু তারপর থেকে সরকার বিষয়টির সম্পর্কে সতর্কতা অবলম্বন করছে। বৌদ্ধবিহার ও ভান্তেদের তালিকা হালনাগাদ করে পরিবীক্ষণ করা হচ্ছে।
একটি সরকারি সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধবিহারগুলোতে আর্থসামাজিকভাবে অনগ্রসর শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা আছে। একটি পর্যায় পর্যন্ত শিক্ষাদান সম্পন্ন হওয়ার পর এদের অনেককে উচ্চতর শিক্ষার জন্য মিয়ানমারের কোনো কোনো বৌদ্ধবিহারে পাঠানো হয়। যদিও দুই দেশের মধ্যে এ ধরনের যোগাযোগ আইনসম্মত নয়, তারপরও ঐতিহ্যগতভাবে এটা চলে এসেছে। গত মার্চ-এপ্রিলের ঘটনাটিও সে রকমই একটি।
সংশোধনী: গতকাল বুধবার ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ’ শীর্ষক খবরে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কমিশনের কাছে ভুক্তভোগীদের দরখাস্ত করার সময় ২৬ অক্টোবর শেষ হবে। প্রকৃতপক্ষে দরখাস্তের সময় শেষ হবে ২৪ অক্টোবর। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স