বান্দরবান-রোয়াংছড়ি সড়কে বাস খাদে আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান-রোয়াংছড়ি সড়কে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৩০ জন আহত হয়েছে। অজয় তঞ্চঙ্গ্যা (৩৩) ও বিজয় চক্রবর্তী (৩) নামে মারাত্মক আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী পুনর্বাসন পাড়ার উম্যামং মারমা ও ঘটনার শিকার সুভাষ বড়ুয়াসহ অনেকে জানিয়েছেন সকাল নয়টার দিকে জেলা শহরের রোয়াংছড়ি স্টেশন থেকে রোয়াংছড়ি উপজেলা শহরে যাওয়ার পথে লুলাইন পুনর্বাসন পাড়া এলাকায় একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি বেপরোয়াভাবে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঝিড়িতে (ছোট ছড়া) পড়ে যায়।বান্দরবান সদর হাসপাতাল সূত্রে জানা যায় আহত ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে ভর্তি করার পর একজন শিশুসহ মারাত্মক আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।