বান্দরবান-রোয়াংছড়ি সড়কে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সেতুর সংযোগ সড়ক ও প্রতিরক্ষা দেয়াল ভেঙে যাওয়ায় বান্দরবান-রোয়াংছড়ি সড়কে প্রায় ১০ দিন ধরে বাস ও জিপ চলাচল বন্ধ রয়েছে। লোকজনকে এখন বাড়তি টাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসী ও সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ৬ জুলাই প্রবল বৃষ্টিপাতে জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ময়নাতলি এলাকার ঙেমে ঝিরির (ছোট পাহাড়ি ছড়া) ওপর নির্মিত একটি মাছের খামারের বাঁধ ভেঙে যায়। পাহাড়ি ঢলের সঙ্গে বাঁধের বিশাল পানি প্রচণ্ড জোরে ময়নাতলি এলাকায় বান্দরবান-রোয়াংছড়ি সড়কের একটি বেইলি সেতুকে ধাক্কা দেয়। এরপর প্রচণ্ড গতিতে পানিপ্রবাহ ওপর দিয়ে চলে যায়। সেতুটি টিকে গেলেও পানির আঘাতে সেতুর প্রতিরক্ষা দেয়াল ধসে পড়ে ও সংযোগ (অ্যাপ্রোচ) সড়কের মাটির অংশটি ক্ষতিগ্রস্ত হয়।
রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, যাত্রীবাহী যানবাহন (বাস ও জিপ) চলাচল বন্ধ হওয়ায় লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে চলাচল করতে দ্বিগুণ বা তিন গুণ টাকা লাগছে। তা ছাড়া কৃষকেরা চড়া ভাড়ায় ছোট যানবাহনে করে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে বাধ্য হচ্ছেন।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী আশীষ কুমার মুখার্জি বলেন, ঈদের বন্ধে সবাই ছুটিতে থাকায় মেরামতে কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু মানুষের ভোগান্তির কথা চিন্তা করে দ্রুত কাজ করা হচ্ছে। কাজ দু-এক দিনের মধ্যেই শেষ হবে। তখন সব ধরনের যানবাহন চলতে পারবে।