বান্দরবান শহরে দুই দিন পানি সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের দুটি এলাকা ছাড়া বাকি অংশে দুদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে প্রায় ৪০ হাজার মানুষ। শঙ্খ নদ থেকে পানি উত্তোলনের একমাত্র মোটরটি বিকল হয়ে পড়ায় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে সোমবার মোটর বিকল হয়ে পড়ে।
পানি পরিশোধন ও সরবরাহকেন্দ্রের কর্মীরা বলেন, মিস্ত্রিরা অনেক চেষ্টা করেও মোটর সচল করতে না পারায় সেটি চট্টগ্রামে পাঠানো হয়েছে। বিকল্প মোটর না থাকায় বালাঘাটা ও হাসপাতাল এলাকা ছাড়া জেলা শহরে পানি সরবরাহের ব্যবস্থা বন্ধ রয়েছে।
সূত্র জানায়, লাল ব্রিজ এলাকার ঝরনা থেকে পানি আহরণ করে তা পরিশোধন করে সীমিত আকারে নিউ গুলশান ও হাসপাতাল এলাকায় সরবরাহ করা হচ্ছে।
এদিকে পানির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে শহরের বাসিন্দারা।
পৌরসভার মেয়র জাবেদ রেজা বলেন, সংকট এত প্রকট হয়ে উঠেছে যে তাঁরা কয়েকটি এলাকায় পানি বিতরণ করছেন। তিনি জানান, পৌরসভায় পানি সরবরাহের দায়িত্ব জেলা পরিষদ থেকে পৌরসভার কাছে হস্তান্তরের জন্য বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু জেলা পরিষদ ও ডিপিএইচই পৌরসভার অনুরোধ উপেক্ষা করছে। অথচ তারা পানি সরবরাহের দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারছে না।
নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন জানান, বুধবারের (আজ) মধ্যে মোটর চালু করা সম্ভব হতে পারে।