বান্দরবানসহ ছয় জেলা শহরকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরসহ ম্যালেরিয়াপ্রবণ ছয়টি জেলা শহরকে আগামী বছর (২০১৫) ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করা হচ্ছে। গতকাল রোববার বান্দরবানে ম্যালেরিয়ামুক্ত ঘোষণার ব্যাপারে আয়োজিত এক বৈঠকে স্বাস্থ্য অধিপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বান্দরবানের সিভিল সার্জন (সিএস) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য বিভাগ, বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পৌরসভা, এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন, ২০০৭ সাল থেকে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে ব্যাপক সাফল্য অর্জন হয়েছে। বিশেষ করে কীটনাশকযুক্ত মশারি বিতরণে ম্যালেরিয়ায় আক্রান্তের হার কমেছে এবং মৃত্যুর হার শূন্যের কোঠায় নেমে এসেছে। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তর প্রাথমিকভাবে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেটের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা শহরকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণার উদ্যোগ নিয়েছে।
জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির মনিটরিং ও ইভ্যালুয়েশন এক্সপার্ট বুলবুল ইসলাম বলেন, পর পর তিন বছর পরিস্থিতি নিরীক্ষণ ও মূল্যায়নের পর ম্যালেরিয়ামুক্ত ঘোষণার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। আরও অধিকতর মূল্যায়নের জন্য চলতি বছর ও আগামী বছরকে নিরীক্ষণে রাখা হচ্ছে এবং স্থিতিশীল অবস্থা পাওয়া গেলে ছয়টি জেলা শহরকে জাতীয়ভাবে ম্যালেরিয়ামুক্ত শহর ঘোষণা করা হবে।
বান্দরবানের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়কারী আনোয়ারুল হক সোহেল বলেন, প্রাথমিকভাবে শহরগুলোর মশার প্রজননের (লার্ভা উৎপাদনস্থল) পুকুর, নালা-নর্দমা, ডোবা জরিপ করা হয়েছে। সেগুলো লার্ভামুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হবে। প্রত্যেক জেলা শহরকে ১০-১৫ অঞ্চলে বিভক্ত করে ম্যালেরিয়া কেন্দ্র করা হবে। সেখানে ম্যালেরিয়া শনাক্তকরণ কীট ও চিকিৎসার ওষুধপত্রসহ সবকিছু দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বান্দরবান জেলা শহরে গত বছর ১২ জন ও চলতি বছরে মে পর্যন্ত দুজন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। শহরকে ম্যালেরিয়ামুক্ত করার জন্য নালা-নর্দমা, ডোবা, মজা পুকুরসহ জলাশয়গুলোতে লার্ভামুক্তকরণের কাজ শুরু হয়েছে। কৃষি বিভাগ, বন বিভাগসহ জেলার প্রায় সরকারি-বেসরকারি বিভাগগুলোকে এ উদ্যোগে সম্পৃক্ত করা হয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন মংতেঝ রাখাইন বলেন, জেলা শহরকে ম্যালেরিয়ামুক্ত করতে সবাই একসঙ্গে সমন্বিত উদ্যোগে কাজ করার জন্য বৈঠক করা হয়েছে। এতে সেনাবাহিনীকেও সম্পৃক্ত করা হয়েছে এবং সবাই একসঙ্গে কাজ করার জন্য ইতিবাচক সাড়া দিয়েছে।