বান্দরবানে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গুংগুরু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন অবৈধ এবিসি ইটভাটা বন্ধের দাবিতে স্থানীয় সাংবাদিকেরা গতকাল সোমবার মানববন্ধন করলেও প্রশাসন ও পুলিশের কাছ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস না পেয়ে হতাশ হয়েছেন।
জেলায় কর্মরত সাংবাদিকেরা অবৈধ ইটভাটা বন্ধের জন্য জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ইটভাটা বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দিয়ে বিষয়টি মীমাংসা করে দেবেন বলায় সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেন।
পুলিশের একটি অংশও এবিসি ইটভাটা ও ভাটার মালিক মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) নিতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি বোঝাপড়া করার পরামর্শ দিয়েছে। পরে অবশ্য জিডি নেওয়া হয়েছে এবং বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে বলেছেন।
ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ বলেছেন, এবিসি ইটভাটার মালিক মোহাম্মদ ইসলাম কোনো নিয়মকানুন মেনে না চলায় সমিতি থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
গুংগুরু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ইটভাটা বন্ধের দাবিতে স্থানীয় সাংবাদিকেরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বলেছেন, প্রশাসনের নাকের ডগায় সম্পূর্ণ অবৈধভাবে মোহাম্মদ ইসলামের এবিসি ইটভাটা চলে আসছে। খিয়াং আদিবাসীরা দীর্ঘদিন ধরে সেটি বন্ধ করার জন্য আন্দোলন করে এলেও প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকেরা অবিলম্বে অবৈধ ইটভাটাটি বন্ধের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গণি, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, বুদ্ধজ্যোতি চাকমা, এস বাসু দাশ প্রমুখ। সমাবেশ শেষে সাংবাদিকেরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে গুংগুরু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানান।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বান্দরবানের একটি ইটভাটাও বৈধ নয় স্বীকার করলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেননি। তিনি অবৈধ এবিসি ইটভাটার বিষয়টি মীমাংসা করে দেবেন বললে সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করেন।