বান্দরবানে অভিযান চলবে: বিজিবি
বান্দরবানের থানচির দুর্গম পাহাড়ি এলাকায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ জন্য সেখানে অতিরিক্ত বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে থানচির দুর্গম এলাকা ঘুরে এসে পিলখানায় বিজিবি সদর দপ্তরে মহাপরিচালক সাংবাদিকদের কাছে পরিস্থিতি তুলে ধরেন। এ ছাড়া তিনি বান্দরবানের সীমান্ত এলাকার পরিস্থিতি উত্তরণে পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও সাংবাদিকদের জানান।
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা গত বুধবার সকালে বান্দরবান জেলা সদর থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে বড়মদক সীমান্তচৌকিতে এবং দলিয়নপাড়া সীমান্তচৌকির একটি টহল দলের ওপর হামলা চালায়। এ সময় বিজিবির সদস্যরাও পাল্টা গুলি চালান এবং মর্টার শেল ছোড়েন।
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ইতিমধ্যেই সেখানে অভিযান শুরু হয়েছে। থানচিতে ১০ থেকে ১২ প্লাটুন বিজিবি ও ৪ থেকে ৫ প্লাটুন সেনাসদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে মিয়ানমার তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।
বিজিবির মহাপরিচালক বলেন, ‘সীমান্তে গত বুধবার যা ঘটেছে, তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কারণ, সীমান্তে এখন জঙ্গিবাদ দমনের মতো কোনো পরিবেশ বিরাজ করছে না।’
আজিজ আহমেদ বলেন, সকাল থেকে অভিযান শুরু হয়। দুর্গম এলাকা ঘুরে আরাকান আর্মির ব্যবহৃত রাইফেলের গুলি, শেল ও কোমরের বেল্ট উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ও সেখানে আলামত থেকে ধারণা করা যায়, জলপাই রঙের পোশাক পরা অন্তত ৮ থেকে ১০ জন সেখানে আহত হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ মারা যেতে পারেন।
বিজিবির মহাপরিচালকের মতে, আরাকান আর্মির যে দলটির সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষ হয়েছে, তাদের সংখ্যা ৫০ জন বা এর কমবেশি হতে পারে।
সীমান্তে প্রতিবেশী দেশটির বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটির উপস্থিতি আছে কি না, জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘বিচ্ছিন্নতাবাদীরা ওই এলাকায় চলাফেরা করতে পারে, সেটা অস্বীকার করছি না। তবে কারও পক্ষে সেখানে ঘাঁটি তৈরি করে অবস্থান করার সুযোগ নেই। আমরা দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছি। বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত অপারেশনের (অভিযান) পাশাপাশি বিমানবাহিনীর এফ-৭ বিমানের টহলের ফলে বিচ্ছিন্নতাবাদীরা পিছু হটতে বাধ্য হয়েছে। তবে যত দিন প্রয়োজন, ওই এলাকায় অভিযান চলবে।’
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যৌথ অভিযান চালানোর কথা ভাবছে কি না—জানতে চাইলে বিজিবির মহাপরিচালক বলেন, ‘তারা তাদের সীমান্তে, আমরা আমাদের সীমান্তে অভিযান চালাব। এটিকে সমন্বিত অভিযান বলা যায়।’
হামলার সম্ভাব্য কারণ হিসেবে সম্প্রতি আরাকান আর্মির মালামাল বহনের কাজে ব্যবহৃত ১০টি ঘোড়া আটকের ঘটনাটি সামনে এসেছে। এর জের ধরেই তারা বিজিবির ওপর হামলা চালায়।
প্রথম আলোর রাঙামাটি অফিস জানিয়েছে, আরাকান আর্মির সহযোগী অং ওং রাখাইনকে রাজস্থলী এলাকা থেকে আটক করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গত বুধবার রাতে উপজেলার নয়াঝিরিপাড়া এলাকার একটি ভবন থেকে তাঁকে আটক করা হয়। এ সময় সেখান থেকে মিয়ানমারের সেনাবাহিনীর পোশাকের কাপড় (৩০ গজ), আরাকান আর্মির পোশাক, তিনটি ল্যাপটপ, দুটি ডিজিটাল ক্যামেরা, ছোট ভিডিও ক্যামেরা, মুঠোফোন, মডেম, দুটি ঘোড়া ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের মেজর তসলিম মো. তারেক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপ্তাই সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওবায়দুল্লাহ হেল সাফীর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত নয়াঝিরিপাড়া কলেজসংলগ্ন একটি দ্বিতল ভবনে এ অভিযান চালায়। এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী ও রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুল্লাহ সরকার উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর রাঙামাটির আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল্লাহ হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজস্থলী থানার ওসি ওহিদুল্লাহ সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অং ওং রাখাইন আরাকান আর্মির সহযোগী বলে স্বীকার করেছেন। তাঁকে রাজস্থলী থানাহাজতে রাখা হয়েছে।