বান্দরবানে অস্ত্রসহ দুই ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গতকাল রোববার অভিযান চালিয়ে একটি এসএমজি, একটি চায়নিজ রাইফেল ও ১৩৮টি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনা সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে দাবি করেছেন।স্থানীয় লোকজন জানান, চার-পাঁচ দিন ধরে তিনজনের সশস্ত্র একটি দল বান্দরবান সদর উপজেলার ডলুপাড়া, ক্রাউপাড়া, রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া ও ডাকবাংলো এলাকায় চাঁদাবাজি করছিল। স্থানীয় লোকজন বিষয়টি সেনাবাহিনীকে জানায়।সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মো. সাঈদ সিদ্দিকী জানান, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে চেমি ডলুপাড়া সেনাক্যাম্পের অধিনায়ক ওয়ারেন্ট কর্মকর্তা আতাউর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গতকাল ক্রাউপাড়ার কাছাকাছি নুনারঝিড়ি এলাকার একটি পাহাড় ঘেরাও করে। ঘন জঙ্গলে পরিপূর্ণ পাহাড়ে তল্লাশি চালিয়ে সাচিং মারমা ও মেউ মারমা নামের দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে একটি সাব-মেশিনগান (এসএমজি) ও একটি চায়নিজ রাইফেল, ১৩৮টি গুলি, দুই সেট সামরিক পোশাক, তিনটি মুঠোফোন পাওয়া যায়।