বান্দরবানে আগুনে দগ্ধ এক নারী
বান্দরবান শহরের টিঅ্যান্ডটি পাড়ায় গত বুধবার রাতে আগুনে মিতু বড়ুয়া (২৮) নামের এক নারী দগ্ধ হয়েছেন।
মিতু বড়ুয়া বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তিন ব্যক্তি তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করে ও শরীরে আগুন ধরিয়ে দেয়।
বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রবীর দাশ বলেন, মিতু বড়ুয়ার শরীর রাসায়নিক পদার্থে পুড়ে গেছে।
মিতু বড়ুয়া বলেন, রাত দুইটার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ি থেকে কিছু দূরে যান। এ সময় টিঅ্যান্ডটি পাড়ার তিন ব্যক্তি পেছন দিক থেকে তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করে ও শরীরে আগুন ধরিয়ে দেয়। তিনি পাশের একটি পুকুরে ঝাপিয়ে পড়ে আগুন থেকে রক্ষা পান। মিতু বড়ুয়া জানান, হামলাকারী ওই তিন ব্যক্তির নাম তিনি জানেন না।
তবে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অ্যাসিডে নয়, কেরোসিনের আগুনে ওই নারীর শরীর পুড়েছে।