পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার বান্দরবান সফরের প্রতিবাদে জাগো পার্বত্যবাসীর ব্যানারে আজ বুধবার থেকে তিন দিনের হরতাল ডাকা হয়েছে।
গতকাল মঙ্গলবার বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রথমে বুধ ও বৃহস্পতিবার হরতাল ঘোষণা করা হয়। পরে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শুক্রবার পর্যন্ত থাকবেন জেনে আরও এক দিন হরতাল বাড়ানোর কথা সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে সিরাজ খলিফা প্রমুখ। সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, বান্দরবানে সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে চাঁদাবাজি হচ্ছে। ওই চাঁদাবাজির ঘটনায় পরোক্ষভাবে সন্তু লারমা জড়িত। এ জন্য তাঁর আগমনের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
জেএসএসের নেতারা বলেছেন, বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) জেলা সম্মেলনে যোগদান ও দলীয় কাজে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান তিন দিনের জন্য আজ বান্দরবানে আসছেন। জেএসএসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেন, সহিংস পরিস্থিতি সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে হরতাল ডাকা হচ্ছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, হরতাল না হলেও সারা দেশে এমনিতে হরতালের ঘোষণা আছে। এতে আরও কেউ হরতাল দিলেও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের আগমনে কোনো সমস্যা হবে না।