বান্দরবানে আদা নিয়ে কাঁদার অবস্থা চাষির
বান্দরবানে আদা চাষে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন চাষিরা। গত বছরের সাফল্যে উজ্জীবিত হয়ে এ বছর আরও বেশি জমিতে আদা চাষ করেন তাঁরা। কিন্তু পচন রোগ ও দাম পড়তির কারণে এখন আদার উৎপাদন খরচও উঠছে না। এতে অনেক চাষি কেবল পুঁজিই খোয়াবেন না—ব্যাংকঋণ পরিশোধ করতে না পারার আশঙ্কাও রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম জানান, জেলায় প্রায় চার হাজার একর জমিতে আদা ও চার হাজার ৩০০ একর জমিতে হলুদ চাষ হয়েছে। জেলা আদা ও হলুদ চাষি সমিতির সভাপতি চিংসাবু মাস্টার দাবি করেন, শুধু সদর উপজেলায় প্রায় আট হাজার একর জমিতে আদার আবাদ হয়েছে। চাষিরা জানান, শুরুতে ফলন ভালো হলেও চলতি মাসের শুরু থেকে খেতের আদায় পচন ধরতে শুরু করে। একই সঙ্গে বাজারে দামও পড়ে যেতে থাকে। খেত থেকে তড়িঘড়ি করে আদা তুলে বাজারে নিয়ে বিক্রি করার সুযোগও পাচ্ছেন না তাঁরা। সংকট থেকে উত্তরণে স্থানীয় আদা চাষিরা গত ৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি স্মারকলিপি দেন। এতে আদা আমদানি ও চোরাচালান অবিলম্বে বন্ধ, ব্যাংকঋণে সুদের হার দুই শতাংশের নিচে রাখাসহ চার দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার চেমিডলু, ক্রাউপাড়া, খৈয়াপাড়া, ঘুংগুরুপাড়া, রাজবিলাসহ বেশ কয়েকটি এলাকায় বিস্তীর্ণ জমিতে আদার চাষ হয়েছে। জেলার প্রথম সফল আদাচাষি বলে পরিচিত চেমিডলুর চিংসাবু মাস্টার এ বছর ২২ একর জমিতে ১৫০ মণ আদা লাগিয়েছেন। তিনি বলেন, চলতি মাসেই আদার গাছে পচন রোগের বিস্তার শুরু হয়। সাড়ে তিন লাখ টাকা ব্যাংকঋণসহ এ পর্যন্ত ১৭ লাখ টাকা খরচ করে তাঁর এখন পথে বসার মতো অবস্থা। wPsmvey নতুন লেইপ্রাপাড়ার ক্যজসাই মারমা বলেন, তিনি একজোড়া গরু বিক্রি করে ৫৪ হাজার ও কৃষি ব্যাংক থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে আদা চাষ করেছেন। প্রথমে ২০০ মণ আদা পাবেন বলে আশা করলেও এখন ব্যাংকের ঋণ পরিশোধের টাকাও তুলতে পারবেন কি না সন্দেহ। ক্রাউপাড়ার উশৈমং মারমা ও ডলুপাড়ার মংক্যউ মারমা অভিযোগ করেন, আদার পচন রোগের ব্যাপারে তাঁরা কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে গিয়েছিলেন। আদার অবস্থা না দেখেই তাঁরা কিছু কীটনাশক ওষুধের ব্যবস্থাপত্র দেন। এতে কাজ হয়নি। কুহালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শিবচরণ তঞ্চঙ্গ্যা দাবি করেন, কোনো কৃষি কর্মকর্তা মাঠ পরিদর্শনে যাননি। পচন রোগ বিস্তারের বিষয়টি নিশ্চিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম বলেন, এটি বীজবাহিত রোগ। বীজ রোপণের আগে এর প্রতিরোধ করা না গেলে প্রতিকার হয় না। তবে রোগ ছড়িয়ে পড়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি উপজেলা কর্মকর্তাদের মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। বান্দরবানের ব্যবসায়ী স্বপন চৌধুরী ও জয়নাল আবেদিন বলেন, চীন ও ভারত থেকে আদা আমদানি হওয়ায় দাম কমে গেছে। চট্টগ্রামের বাজারে আমদানি করা পরিপক্ব (পুরোনো) আদা ৩৫-৪০ টাকা ও দেশীয় নতুন আদা ২২-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বান্দরবানের আদা চাষি সমিতির সভাপতি চিংসাবু মাস্টার, মানস কুমার দাশ ও যশবালা তঞ্চঙ্গ্যা বলেন, গত বছর ৬০-৬৫ টাকা কেজি দরে আদা বিক্রি হয়েছিল। কিন্তু এ বছর তা মাত্র ১৮-২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ প্রতি কেজি আদার উৎপাদন খরচ পড়েছে ৩৫-৪০ টাকা। পচন থেকে রক্ষা করে একরপ্রতি ১২৫ মণ আদা পাওয়া গেলেও বর্তমান বাজারে ৬২ হাজার টাকা লোকসান হবে।জেলার ব্যাংক কর্মকর্তারা জানান, ২০১০-১১ অর্থবছরে সোনালী, কৃষি, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের সাড়ে ২৭ কোটি টাকা কৃষি ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কৃষকদের মধ্যে পৌনে ৪২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে আদা ও হলুদ চাষের জন্য ঋণ দেওয়া হয়েছে সোয়া ১৩ কোটি টাকা, যা গত বছরের চেয়ে আড়াই গুণ বেশি। সোনালী ব্যাংকের সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) রফিকুল কাদের চৌধুরী বলেন, সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে এ বছর ভূমিহীন বর্গাচাষি, স্বল্প জমির মালিক ও মধ্যবিত্ত কৃষকসহ সবাইকে মসলা-ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে অগ্রণী ব্যাংক। জেলা প্রশাসক ও জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, আদার দাম বাড়তে পারে। তাই চাষিদের আদা সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। তিনি জানান, আদার পচন রোগের ব্যাপারে জানতে পেরে তিনি কৃষি কর্মকর্তাদের আরও তৎপর হতে বলেছেন।