বান্দরবানে আদিবাসী কোটা সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে প্রাথমিক শিক্ষক নিয়োগে আদিবাসী কোটা সংরক্ষণের দাবিতে রুমা উপজেলায় গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আদিবাসী প্রার্থীরা। জেলা পরিষদ আইন লঙ্ঘন করে নিয়োগপ্রক্রিয়া চলছে অভিযোগ করে তাঁরা আজ বুধবারের মধ্যে নিয়োগপ্রক্রিয়া বন্ধের সময়সীমা বেঁধে দিয়েছেন। আজ বুধবারের মধ্যে দাবি মানা না হলে সড়ক অবরোধের হুমকিও দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বান্দরবানের সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ জন প্রধান শিক্ষক ও ৯৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য গত শুক্রবার লিখিত পরীক্ষা নেওয়া হয়। প্রধান শিক্ষকের জন্য ২৩২ জন ও সহকারী শিক্ষকের জন্য দুই হাজার ৪৯০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। কিন্তু প্রধান শিক্ষক পদে মাত্র দুজন আদিবাসীসহ ২০ জনকে এবং সহকারী শিক্ষক পদে ২৮৩ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষায় ডাক পাওয়া প্রার্থীদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ আদিবাসী প্রার্থী আছেন।আদিবাসী প্রার্থীরা জানিয়েছেন, জেলা পরিষদ আইন অনুযায়ী সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য দুই-তৃতীয়াংশ কোটা সংরক্ষণ করার কথা। সে অনুযায়ী প্রধান শিক্ষকের ১৯টি পদের মধ্যে কমপক্ষে ১২টি এবং সহকারী শিক্ষকের ৯৪টি পদের মধ্যে কমপক্ষে ৬৩টি আদিবাসীদের পাওয়ার কথা। এ ছাড়া নিয়োগবিধিতে প্রতিটি পদের বিপরীতে কমপক্ষে তিনজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকার কথা থাকলেও প্রধান শিক্ষক পদের ক্ষেত্রে তা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন আদিবাসী প্রার্থীরা।এর প্রতিবাদে গতকাল রুমা উপজেলা শহরে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আদিবাসী প্রার্থীরা। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমানের মাধ্যমে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা। এতে জেলা পরিষদ আইন এবং নিয়োগবিধি লঙ্ঘন করে এই নিয়োগপ্রক্রিয়া বন্ধের জন্য আজ বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে কাল বৃহস্পতিবার থেকে সড়ক অবরোধ করা হবে হুমকি দেওয়া হয়েছে।ইউএনও সাইফুর রহমান জানিয়েছেন, স্মারকলিপিটি শিক্ষমন্ত্রী বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য কাজী মজিবর রহমান প্রথম আলোকে বলেন, পাহাড়ি-বাঙালি বিষয় নয়, মেধাবীদেরই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।