বান্দরবানে আদিবাসীদের রাবার বাগানের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টিপারপাস অ্যাগ্রো প্রজেক্ট (এমএপি) নামের ঢাকার একটি প্রতিষ্ঠান বান্দরবানের পাহাড়ে আদিবাসীদের নামে বরাদ্দ করা জমি দখল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই প্রতিষ্ঠানের নামে পাহাড়ে সাইনবোর্ড ঝোলানো এবং শ্রমিকদের জন্য পাকা ঘরবাড়ি তৈরি করায় স্থানীয় আদিবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ দখল প্রক্রিয়ায় স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তারও অভিযোগ উঠেছে।সরেজমিনে ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বান্দরবান পাবর্ত্য জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে রাজবিলা এলাকায় এ দখল চলছে। দুই সপ্তাহ আগে এমএপির পরিচালক নুরুল ইসলাম মৃধা লোকজন নিয়ে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দেন এবং শ্রমিকদের থাকার জন্য টিনশেড ঘর নির্মাণ করেন।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ১৯৯৬-৯৭ সালে ওই এলাকার সরকারি জমিতে দুই হাজার একর রাবার বাগান সৃষ্টি করে এবং পর্যায়ক্রমে সেখানে ৫০০ ভূমিহীন আদিবাসী পরিবারকে পুনর্বাসন করে। পরিবারপ্রতি চার একর করে এসব ভূমি বরাদ্দ দেওয়া হয়। বাগানে রাবার আহরণ শুরু হওয়ায় পরিবারগুলো এখন আর্থিকভাবে লাভবান হচ্ছে। পুনর্বাসনের ২ নম্বর প্লট এলাকায় এমএমপির প্রকল্প বাস্তবায়ন শুরু হয়। প্রাথমিকভাবে ২৫ একর জায়গায় প্রকল্প বাস্তবায়ন করা হলেও পর্যায়ক্রমে তা ৭৫ একরে সম্প্রসারণের পরিকল্পনা আছে বলে জানা যায়।রাজবিলা ২ নম্বর প্লটের দলনেতা ক্যসাই মারমা অভিযোগ করেন, নূরুল ইসলাম মৃধা নামের এক ব্যক্তি পুলিশ নিয়ে এসে তাঁদের বাগানের একটি টিলার চূড়ায় লাগানো রাবার চারা কেটে পাকা ঘর নির্মাণ শুরু করেছেন। তাঁরা রাবার বাগানের প্রায় ২৫ একর জমি দখল করে সেখানে পুনর্বাসিতদের চারা লাগাতে বাধা দিচ্ছেন। পুনর্বাসন পাড়ার আথুইসে, থুইমং মারমাসহ অনেকে বলেছেন, সেখানে বাড়ি নির্মাণ শুরু করার পর থেকে তাঁরা টিকে থাকতে পারবেন কি পারবেন না সে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন। রাবার বাগান পরিচালনা কমিটির সদস্য সঞ্জিত তঞ্চঙ্গ্যা বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে বাগানের খালি জায়গা দখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছে।যোগাযোগ করা হলে নূরুল ইসলাম মৃধা বাগানের জমি দখলের কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের নিজের কেনা জায়গায় কৃষিভিত্তিক খামার গড়ে তোলার চেষ্টা করছি। কিন্তু পাহাড়িরা বারবার চাঁদার জন্য হুমকি দেওয়ায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহায়তা নিই।’নূরুল ইসলাম মৃধা নিজেকে এমএপির পরিচালক বলে পরিচয় দেন। তিনি বলেন, ‘আমরা ১৯৮৬ সালে হর্টিকালচারের জন্য ইজারা নেওয়া তিনটি প্লটের (প্রতি প্লট ২৫ একর) ৭৫ একর পাহাড়ি জমি কিনে নিয়েছি। সেখানেই এখন কৃষিখামার গড়ে তোলা হচ্ছে।’ইজারা জমি হস্তান্তরযোগ্য না হওয়া সত্ত্বেও কীভাবে কিনলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রশাসনের অনুমতি নিয়েই প্লট তিনটি ২০০৭ সালে কিনেছি।’ বান্দরবান জেলার পুলিশ সুপার (এসপি) কামরুল আহসান পুলিশ পাহারায় জমি দখলের কথা অস্বীকার করে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের টাকায় মৃধা তাঁর ইজারা পাওয়া জমিতে ম ৎ স্য, হাঁস-মুরগি চাষ, উদ্যান বাগান প্রকল্প করবেন জানিয়েছেন। জমির মালিকানা দেখার দায়িত্ব পুলিশের নয়, মানুষের নিরাপত্তা দেওয়ার কর্তব্য হিসেবে মৃধাকে পুলিশ দেওয়া হয়েছে।’ এসপি কামরুল আহসান বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জায়গা অন্যরা জোর করে দখল করে নিচ্ছে—এমন কোনো অভিযোগ বোর্ডের পক্ষ থেকে তাঁদের কাছে আসেনি। জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, রাবার বাগানের জমি দখলের বিষয়টি তাঁর জানা নেই। বিষয়টি জানার পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।