বান্দরবানে আদিবাসীরা উচ্ছেদ আতঙ্কে, অনেকে এলাকাছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহান্না আবরিয়ান হক জন্মের পাঁচ বছর আগে পাঁচ একর ভূমি বন্দোবস্তের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। তাঁর ভুয়া স্বাক্ষরসংবলিত আবেদনে মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) সুপারিশও করেছেন। আর নাহিয়ান আল-সামাদ পাঁচ একর জমি কিনেছেন জন্মের ১১ বছর আগে। তাহান্না ও নাহিয়ান যথাক্রমে বান্দরবানের আলীকদম উপজেলার তৈনফা মৌজার হেডম্যানের মুহুরি (সচিব) মোজাম্মেল হকের ছেলে ও মেয়ে। হেডম্যান ও তাঁর মুহুরির অপতৎপরতার কারণে মৌজার আদিবাসীরা জমিজমা হারিয়ে এলাকা থেকে বিতাড়িত হচ্ছেন। বোমাং রাজার এক তদন্ত প্রতিবেদনে এসব জালিয়াতি ও অপতৎপরতার কথা উল্লেখ করা হয়েছে।ওই মৌজার লোকজনের অভিযোগ, হেডম্যান রেংপুং ম্রোর মাধ্যমে মোজাম্মেল এভাবে নামে-বেনামে মৌজার অনেক জমি নিজের দখলে নিয়েছেন। এর বাইরে বেশির ভাগ জমি বহিরাগত লোকজনের কাছে তুলে দেওয়ায় মৌজাবাসী বিশেষ করে আদিবাসীরা এখন উচ্ছেদ-আতঙ্কে আছেন।সরেজমিনে গিয়ে তৈনফা মৌজার কার্বারি (পাড়াপ্রধান) ও সাধারণ লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন সময় হেডম্যান রেংপুং ম্রো ও তাঁর মুহুরি মোজাম্মেলের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব অভিযোগের ব্যাপারে জেলা প্রশাসকের লিখিত অনুরোধে বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরী গত বছর তদন্ত করেন। গত বছর ২৯ আগস্ট জেলা প্রশাসকের কাছে পেশ করা তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, সরকারি নির্দেশে পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্তের সব প্রক্রিয়া বন্ধ। কিন্তু রেংপুং ও মোজাম্মেল মোটা অঙ্কের টাকা নিয়ে বন্দোবস্তের সুপারিশ করায় বহিরাগত ব্যক্তিরা ভূমি দখল করছেন। এর ফলে যুগ যুগ ধরে বসবাস করে আসা আদিবাসীরা ভোগদখলীয় জমি, সৃজিত বাগান ও জুমের জমি হারিয়ে বিতাড়িত হচ্ছেন। মোজাম্মেল নিজে মৌজার প্রায় অর্ধেক জমি দখল করে নিয়েছেন। রেংপুং ম্রোকে হেডম্যানের পদ থেকে অব্যাহতি প্রদান এবং জমি দখল ও জালিয়াতির জন্য মোজাম্মেল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন রাজা।ছনমপাড়ার ছনম ম্রো কার্বারি (পাড়াপ্রধান) বলেন, তাঁর পাড়ার আশপাশের জমি দখল করে বহিরাগত লোকজন বাণিজ্যিক বনায়ন করছেন। তিনি বলেন, ‘একইভাবে ভাবিপাড়া, প্রেনডাপাড়া, লংরিপাড়া, কলাঝিড়িপাড়া, মেনকংপাড়াসহ মৌজার প্রায় সব আদিবাসী পাড়া-গ্রামের অনেক জমি, বসতভিটা এমনকি বন্দোবস্ত পাওয়া জমিও দখল হয়েছে। এ অবস্থায় আদিবাসীদের এখন বসবাসের এবং যাওয়ার কোনো জায়গা না থাকায় তাঁরা মারাত্মক সংকটে পড়েছেন।’ মৌজার বিভিন্ন পাড়ার বাসিন্দা নর্বাট ত্রিপুরা, আকদি ত্রিপুরা, রৈচুং ম্রো ও তুমথক ম্রো জানান, তাঁদের প্রত্যেকের নামে পাঁচ একর করে জমি বন্দোবস্ত নেওয়া আছে। কিন্তু হেডম্যান ও তাঁর মুহুরির জালিয়াতি ও সহযোগিতায় তাঁদের জমি, আম-কাঁঠাল, গামারিবাগান বহিরাগত ব্যক্তিরা দখল করে নিয়েছেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।মুহুরি মোজাম্মেল অভিযোগ অস্বীকার করে বলেন, একটি চক্র হেডম্যানকে তাঁদের স্বার্থে ব্যবহার করতে না পেরে চক্রান্ত করছে। তিনি কারও জমি দখল করেননি দাবি করে বলেন, তাঁর ছেলে ও মেয়েসহ অন্য সবার নামে জমি বন্দোবস্তের জন্য হেডম্যানের করা সুপারিশ জেলা প্রশাসক বাতিল করে দিয়েছেন। হেডম্যান রেংপুং ম্রো তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রী মহল হেডম্যানের পদ দখল করার জন্য তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ভিত্তিহীন অভিযোগ করছে। মোজাম্মেল আগে তাঁর মুহুরি হিসেবে কাজ করলেও এখন করেন না উল্লেখ করে তিনি বলেন, জমির দলিল জালিয়াতি ও দখলের অভিযোগ সম্পর্কে তাঁর জানা নেই। জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, বোমাং রাজার প্রতিবেদনে হেডম্যান ও তাঁর মুহুরির বিরুদ্ধে নানা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।