বান্দরবানে বাঙালি বসতি স্থাপনকারীদের (সেটেলার) পুনর্বাসনের জন্য বন্দোবস্ত দেওয়া জমির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয়ভাবে ‘আর হোল্ডিং’ (আর অর্থ রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন) হিসেবে পরিচিত এসব জমির মালিকানা হস্তান্তর না করার সিদ্ধান্ত উপেক্ষা করে জেলা প্রশাসন এ হস্তান্তর-প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা পরিষদের ভূমি শাখা সূত্রে জানা গেছে, বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৯৭৯ থেকে ১৯৮৪ সালের মধ্যে পাঁচ বছরে প্রায় ১৬ হাজার বাঙালি পরিবারকে পুনর্বাসন করা হয়। এর মধ্যে লামায় সাড়ে নয় হাজার পরিবারকে পাঁচ একর করে প্রায় ৪৮ হাজার একর জমি আর হোল্ডিংয়ে বন্দোবস্ত দেয় তৎকালীন সরকার। কিন্তু পার্বত্য এলাকার বৈরী পরিবেশে বসবাস করতে না পেরে প্রায় অর্ধেক পরিবার আর হোল্ডিং ছেড়ে চলে যায়। এখন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা ও উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা-কর্মচারী ওই সব জমির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।জানা গেছে, গত বছরের ২৫ জুন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভায় বান্দরবানের আর হোল্ডিংয়ের জমির মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির গত ৯ সেপ্টেম্বরের সভায় ‘আর হোল্ডিংয়ের জায়গা-জমি ইজারা/হস্তান্তর করা যাবে না’ মর্মে সিদ্ধান্ত হয়েছিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী আর হোল্ডিংয়ের জমি ক্রয়-বিক্রয় ও হস্তান্তর-প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠিও দিয়েছিলেন জেলা প্রশাসক। কিন্তু এর কয়েক দিন পর গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক মিজানুর রহমান নিজে মোস্তফা গ্রুপের তিন পরিচালকের নামে লামায় ৫৯ বাঙালি পরিবারের আর হোল্ডিংয়ের ২৬৫ একর জমির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া অনুমোদনের জন্য জেলা পরিষদে পাঠান। মোস্তফা গ্রুপের তিন পরিচালকের নামে লামায় আর হোল্ডিংয়ের ২৬৫ একরসহ অন্যান্য হোল্ডিংয়ের প্রায় ৭০০ একর জমির মালিকানা পরিবর্তনের বিষয়টি জেলা পরিষদে প্রক্রিয়াধীন আছে বলে স্বীকার করেছেন ওই গ্রুপের ব্যবস্থাপক মঞ্জুরুল আলম।জানা গেছে, জেলার আরও শত শত আর হোল্ডিংয়ের হাজার হাজর একর জমি জেলার বাইরের প্রভাবশালী ব্যক্তি, কোম্পানি, বেসরকারি সংস্থা ও বেসরকারি ব্যাংকের মালিকেরা কিনে নিচ্ছেন। এসব জমির মালিকানা হস্তান্তরের কাজ লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ও জেলা প্রশাসকের দপ্তরে প্রক্রিয়াধীন আছে। লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আর হোল্ডিংয়ের বেশির ভাগ জমি ইতিমধ্যে বেচাকেনা হয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে ভুয়া মালিক সাজিয়ে প্রশাসনের অসাধু কর্মকর্তারা এ কাজ করছেন। এখন ওই সব জমির নাম পরিবর্তনের প্রক্রিয়া চলছে।’ গত ৭ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আর হোল্ডিংয়ের জমি হস্তান্তর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন তিনি। তবে জেলা প্রশাসক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কাউকে উচ্ছেদ বা ভূমিহীন না করে কিছু কিছু জমি হস্তান্তরের কাজ করা হচ্ছে। জেলা পরিষদে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে পরিষদ যে সিদ্ধান্ত নেবে, তা-ই হবে।’জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৫৯টি আর হোল্ডিং জমির মালিকানা হস্তান্তর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে স্বীকার করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। তবে তিনি প্রথম আলোকে বলেন, ‘আর হোল্ডিংয়ের বন্দোবস্ত নিয়ে বিতর্ক রয়েছে। ভূমি কমিশনের মাধ্যমে এ বিতর্কের নিষ্পত্তি করতে হবে। তা ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মালিকানা হস্তান্তর-প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত উপেক্ষা করে আর হোল্ডিংয়ের জমি হস্তান্তরের অনুমোদন দিলে ভূমি বিরোধ আরও জটিল হবে।’