বান্দরবানে ইউপিডিএফের মানববন্ধন
বান্দরবানের রুমা উপজেলা সেনানিবাস সম্প্রসারণের নামে ভূমি দখল ও উচ্ছেদের প্রতিবাদে গতকাল রোববার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মানববন্ধন করেছে। তারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পাহাড়ি ব্যাটালিয়ন গঠনের সরকারি সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানিয়েছে।
বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ইউপিডিএফের জেলা সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা। আরও বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের থুইক্যচিং মারমা, সহসাধারণ সম্পাদক রূপন মারমা। বক্তারা বলেন, রুমা সেনানিবাস সম্প্রসারণের নামে সরকার পাহাড়িদের জায়গাজমি দখল করে তাদের উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেখানে ৯৯৭ একর জমি দখলের সরকারি সিদ্ধান্তে পাইন্দু, সেংগুম ও পান্তলা মৌজার শত শত পাহাড়ি পরিবার উচ্ছেদ হবে।
ইউপিডিএফ নেতারা র্যাবের পাহাড়ি ব্যাটালিয়ন গঠনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে র্যাবের ইউনিট গঠন করা হলে শান্তি প্রতিষ্ঠার বদলে রাষ্ট্রীয় খুনখারাবির মাত্রা বেড়ে যাবে। তাঁরা অবিলম্বে রুমায় সেনানিবাস সম্প্রসারণে ভূমি দখল ও র্যাবের পাহাড়ি ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।