বান্দরবানে উত্তরায়ণ-সংক্রান্তি বন্ধ করে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের জেলা ও দায়রা জজ হোসাইন হেলালের নির্দেশে গতকাল সোমবার পুলিশ হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ‘উত্তরায়ণ-সংক্রান্তি গীতাপাঠ’ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ওঠেছে। ক্ষুব্ধ হিন্দু ধর্মাবলম্বীরা বিকেলে ঘটনার প্রতিবাদে ও হোসাইন হেলালকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে। তবে জেলা ও দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট ব্যক্তিরা ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা অস্বীকার করে বলেছেন, আদালতে বিচারিক কাজে ব্যাঘাত হওয়ায় মাইক ও সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রিতভাবে চালানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। জেলা কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ বলেছেন, জেলা শহরের জজ আদালতের কাছাকাছি নোয়াপাড়ায় বার্ষিক উত্তরায়ণসংক্রান্তি গীতাপাঠ উৎসব আয়োজন করা হয়। বান্দরবান গীতাশ্রমের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রশাসনের অনুমোদনও নেওয়া হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই জেলা ও দায়রা জজ হোসাইন হেলাল ধর্মীয় অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। গীতাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু দাশ জানান, সকাল ১০টার দিকে পুলিশ এসে প্রথমে মাইক বন্ধ করার জন্য নির্দেশ দেয়। তাঁরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মাইক বন্ধ করে সাউন্ড সিস্টেম ব্যবহার করে অনুষ্ঠান চালানোর চেষ্টা করেন। পুলিশ সেগুলোও বন্ধ করে দেয় এবং মাইক ও সাউন্ড সিস্টেমসহ অনুষ্ঠান আয়োজনকারীদের আদালতে যাওয়ার নির্দেশ দেয়। এ সময় পুণ্যার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এভাবে প্রায় দুই ঘণ্টা অনুষ্ঠান বন্ধ থাকে। কেন্দ্রীয় দুর্গামন্দির কমিটির উপদেষ্টা দিলীপ চক্রবর্তী বলেছেন, অখণ্ড গীতাপাঠ কিছু সময়ের জন্য বন্ধ বা খণ্ড হলে মন্ত্র সিদ্ধ হয় না। এ জন্য প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকায় ৭০০ শ্লোকের গীতাপাঠ ও তুলসীদানের উত্তরায়ণসংক্রান্তি অনুষ্ঠান পণ্ড হয়েছে বলা যায়। বিকেল সাড়ে তিনটায় হিন্দু ধর্মাবলম্বীরা স্থানীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, সাধারণ সম্পাদক অমল দাশ, সাবেক সভাপতি অনিল কান্তি দাশ, যুগ্ম সম্পাদক রীটল বিশ্বাস, পৌর কাউন্সিলর শেখর দাশ, অজিত দাশ প্রমুখ। তাঁরা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে অভিযোগ করে অবিলম্বে জেলা ও দায়রা জজ হোসাইন হেলালকে অবিলম্বে প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দেন। বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন বলেছেন, দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণে কিছুটা সমস্যা হয়েছিল। পরে উভয় পক্ষের আলোচনায় সমস্যার সমাধান হয়েছে।